জেতার জন্য শেষ ওভারে রংপুর রাইডার্সের দরকার ছিলো ২৬ রান। ফরচুন বরিশালের ক্যারিবিয়ান তারকা কাইল মেয়ার্সকে পিটিয়ে ওই রান তুলে নিলেন নুরুল হাসান সোহান। তিনটি করে চার-ছক্কায় তুললেন ৩০ রান। খেলা শেষে মাঠের বাইরে থাকা তামিম ইকবাল হারালেন মেজাজ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ম্যাচে দেখা গেল অদ্ভুত দৃশ্য। ২৬ রান ডিফেন্ড করতে বল দেওয়া হয় মেয়ার্সকে। এই বোলার করতে থাকেন অদ্ভুত লেন্থে বোলিং। লেগ স্টাম্পের উপর একের পর এক বল করেন, যখন কিনা ফাইন লেগ ছিলো ফাঁকা। এই সুযোগে সোহান মারতে থাকেন শট। ওই দিকের বাউন্ডারির সীমানা ছিলো ছোট, ৫৫ মিটার। সহজেই সীমানা পার করতে থাকেন তিনি।
চারটি বল লেগ সাইড দিয়ে মারার পর পঞ্চম বলে কাভার দিয়ে চার মারেন সোহান। শেষ বলে দুই রানের প্রয়োজনে ছক্কা মেরে দেন তিনি। বরিশালের করা ১৯৭ রান শেষ বলে টপকে ৩ উইকেটে ম্যাচ জিতে যায় রংপুর। ৭ বলে ৩২ রানের ইনিংস খেলেন সোহান। স্বীকৃত ক্রিকেটে শেষ ওভারে ৩০ রান নিয়ে জেতার দ্বিতীয় নজির এটি। এর আগে আইপিএলে বীরত্ব দেখান রিঙ্কু সিং।
উত্তেজনাপূর্ণ ওই ওভারের সময় নিয়মিত অধিনায়ক তামিম ফিল্ডিংয়ে ছিলেন না, তাকে দেখা যায় ডাগ আউটে উত্তেজিত হয়ে কথা বলতে। মাঠের একটা দিক ঈশারা করে দেখাচ্ছিলেন তিনি। খেলা শেষে মাঠে ঢুকেই মেজাজ দেখাতে দেখা যায় তাকে। তাৎক্ষণিকভাবে ঘটনার বিস্তারিত জানা যায়নি।
