সংবিধান বাতিলের প্রস্তাবের প্রতিবাদে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের (সিজিএস) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করা মঞ্জুর চৌধুরী এবার সংবিধান বাতিলে সংস্কার কমিশনের প্রধান আলী রীয়াজের কূটচালের বিষয়টি সামনে এনেছেন।
মঞ্জুর চৌধুরী বলেন, চল্লিশ বছর আগে দেশান্তরি হওয়া এক ব্যক্তির কুটচালে বাংলাদেশের ডাকসাইটে সুশীল সব কুশীলবগণ কোন যাদুবলে কূপকাত হয়ে গেল! বাংলাদেশের সংবিধান বাতিল করা প্রকারান্তরে বাংলাদেশের গৌরবময় মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে বাতিল করা। যে তরুণ-তরুণীরা বুকের রক্ত দিয়ে এক স্বৈরাচারীনির হাত থেকে দেশকে মুক্ত করেছিল, তারাই আজ সাধুবেশী খলচরিত্রের এক রাসপুটিনের পরামর্শের দেশকে চরম নৈরাজ্যের মধ্যে ফেলে দিচ্ছে!
সংবিধান বাঁচাতে নিজের ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, আজ থেকে ঠিক তিন মাস দশ দিন আগে, ২৩শে সেপ্টেম্বর, সংবিধান বাতিলের এক সর্বনাশা পরিকল্পনার কথা ‘বাংলাভিশনে’ কথা বলতে গিয়ে আশংকা প্রকাশ করেছিলাম। আগামীকাল সংবিধান বাতিলের সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে বলে প্রতিয়মান হচ্ছে।বাংলাদেশ আজ নৈরাজ্যকর নতুন এক মাৎসান্যায় কালের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।
প্রসঙ্গত, এক সময়ের বামপন্থী ছাত্রনেতা আলী রীয়াজ চার দশক আগে দেশ ছেড়ে পাড়ি জমান সাম্রাজ্যবাদের কেন্দ্রভূমি মার্কিন যুক্তরাষ্ট্রে। তারপর থেকে তিনি দীর্ঘদিন একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন।
