নিজস্ব প্রতিবেদক
ঢাকা: বাংলাদেশ সচিবালয়ে নিরাপত্তার দায়িত্ব পালনকারী সেনা সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে। এখন থেকে তারা নিয়মিত দায়িত্ব পালন করবেন না। তবে নির্ধারিত সময়ে টহল কার্যক্রম চালু থাকবে।
সোমবার সচিবালয়ের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, রোববার সন্ধ্যায় সেনাবাহিনীর সদস্যদের সচিবালয় থেকে প্রত্যাহার করা হয়। তবে এই সিদ্ধান্তের সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি।
প্রতিদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত একটি সেনা টিম সচিবালয়ে টহল দেবে। ভবিষ্যৎ কার্যক্রমের সময়সূচি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঠিক করবেন।
এদিকে, সচিবালয় থেকে সেনা সদস্য প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। এমন সময়ে এই সিদ্ধান্ত নেওয়া হলো, যখন সেনাবাহিনীর অভ্যন্তরে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উত্তেজনা বিরাজ করছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, হিযবুত তাহরির নেতা মাহফুজের সেনানিবাসে ঘন ঘন প্রবেশ এবং জুনিয়র অফিসারদের মেসে তার উপস্থিতি সেনাবাহিনীর মধ্যে চরম উদ্বেগ তৈরি করেছে। ধারণা করা হচ্ছে, এসব বৈঠকে বিপ্লব ও গৃহযুদ্ধের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।
সেনাবাহিনীর অভ্যন্তরে এমন গোপন কার্যক্রম নিয়ে বিভ্রান্তি এবং অস্থিরতা বাড়ছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, সেনাবাহিনীর ভেতরে সৃষ্ট উত্তেজনার সঙ্গে সচিবালয়ে সেনা সদস্য প্রত্যাহারের যোগসূত্র থাকতে পারে। তবে এ বিষয়ে সরকার বা সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি।
সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা ও সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে সেনা কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
