ময়লা ব্যবসার দখল নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা খুন

ময়লা ব্যবসার দখল নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা খুন
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে মহানগরীতে ময়লা ব্যবসার দখলকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়া জসিম উদ্দিন নামে এক বিএনপি কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষ।

আজ বুধবার ১৮ই ডিসেম্বর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান।

জানা যায়, মঙ্গলবার ১৭ই ডিসেম্বর দিনগত রাতে চট্টগ্রামের আনন্দ বাজার সিটি কর্পোরেশনের ময়লার ডিপো এলাকায় জসিমের ওপর অতর্কিত হামলা করা হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থাতে তার মৃত্যু ঘটে।

ওসি সুলতান আহসান বলেন, মঙ্গলবার রাতে ধারালো অস্ত্র দিয়ে জসিমের গলার একপাশে আঘাত করে পালিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। এই আঘাতে তার শ্বাসনালী কেটে যায়। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আহত অবস্থায় জসিমকে উদ্ধার করে প্রথমে মা ও শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য আরেকটি বেসরকারি একটি হাসপাতালে নেয়া হয় তাকে। অতিরিক্ত রক্তক্ষরণে জসিমের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা।

এ হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে বলে জানালেন এই পুলিশ কর্মকর্তা।

পাঁচ থেকে দশ জনের একটি গ্রুপ এ হামলা চালায় বলে জানা গেছে।

জসিমের এক বন্ধু জানান, মঙ্গলবার জসিম আর বাবু চান্দাপাড়ার মুখে দাঁড়িয়েছিল। যখন একা হয়ে গেছে, দুই জনকে পেয়ে বিরোধীপক্ষের লোকজন ওর ওপর ঝাঁপিয়ে পড়ে। নিচে ফেলে দীপু, সোহাগ, হাসান, সৈকত, পারভেজ মিলে জসীমকে গলায় ছুরিকাঘাত করে। টিসি কলোনির ময়লার ডিপোর পচা ভাতের ব্যবসা দখলে নিতেই এ হত্যাকাণ্ড।

নিহতের চাচা বশির আহমদ বলেন, আমার ভাতিজা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। জসিম বিএনপির রাজনীতি করত।

চাচার ধারণা, তার ভাতিজাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

ময়লার ডিপোর পাশেই জসিমের বাসা। ডিপোতে ফেলা বিভিন্ন উচ্ছিষ্ট সংগ্রহ করে ব্যবসা করতেন তিনি। মূলত সেই ব্যবসা দখলে নিতেই প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছে স্বজন ও স্থানীয়রা।

বৈসম্যবিরোধী আন্দোলনে অংশ নেওযা জসিমের বন্ধুরা জানালেন, ময়লা ব্যবসার দখল নিয়ে যুবদল ও শিবিরের একাধিক গ্রুপ সক্রিয় ছিল। অনেকদিন ধরেই তারা এই ব্যবসার দখল নেওয়ার চেষ্টা করছে। এই হত্যাকাণ্ডে তারা জড়িত থাকতে পারে।

বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমেদ বলেন, সে আন্দোলনে অংশ নিয়েছে সেটা জেনেছি। এ ঘটনায় খুনিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

Visited 91 times, 1 visit(s) today