প্রধান উপদেষ্টাকেও ক্রস করে নির্বাচন নিয়ে প্রেস সচিব কেন কথা বলেন: জাহিদ

প্রধান উপদেষ্টাকেও ক্রস করে নির্বাচন নিয়ে প্রেস সচিব কেন কথা বলেন: জাহিদ
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের দেওয়া বক্তব্যে ‘জনমনে বিভ্রান্তি’ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন।

নির্বাচন কবে হবে এ কথা বলার ক্ষমতা প্রেস সচিব কে দিলেন প্রশ্ন তুলে তিনি বলেন, “নির্বাচন নিয়ে উনাদের (অন্তর্বর্তী সরকারের) বক্তব্য কোনটা বিশ্বাস করব? প্রধান উপদেষ্টা বললেন, ডিসেম্বরের শেষের দিকে (২৫ সাল) এবং ২৬ সালের প্রথম দিকে নির্বাচন হতে পারে। পরের দিনই উনার (প্রধান উপদেষ্টা) প্রেস সচিব বললেন, এটা আবার ২৬ সালের জুন মাস পর্যন্ত যেতে পারে। উনাকে (প্রেস সচিব) ক্ষমতা কে দিল?”

বুধবার দুপুরে রাজধানীতে এক প্রতিবাদ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন বলেন, “প্রেস সচিব মহোদায়… আপনি তো সরকারি চাকুরি করেন, সরকারের বেতন নেন… আপনি (প্রেস সচিব) কোত্থেকে এই ক্ষমতা পেলেন আপনি আপনার প্রধান উপদেষ্টাকেও ক্রস করে চলে গেলেন।”

“কাজেই আমাদের জানতে আগ্রহ হয়… কোনটা ঠিক।”

তিনি বলেন, “আপনারা অন্তর্বর্তীকালীন সরকার নিজেরা ঠিক করুন কে কোন কথা বলবেন, দায়িত্ব নিয়ে বলবেন। একেকজন একেক কথা বললে মানুষের মধ্যে বিভ্রান্তি হবে।”

“আমরা চাই, আপনারা সার্থক হউন, সফল হউন। মানুষ বিভ্রান্ত হোক… এরকম কোনো বক্তব্য থেকে সবসময় আপনাদের নিবৃত্ত থাকার জন্য আহ্বান জানাচ্ছি।”

এ সময় জাহিদ হোসেন ২০১৬ সালে খালেদা জিয়ার ‘ভিসন-২০৩০’, ২০২২ সালের সব বিরোধী দলকে নিয়ে ৩১ দফা সংস্কার প্রস্তাবের কথা তুলে ধরেন।

তিনি বলেন, “সংস্কার তো বিরোধী রাজনৈতিক দলগুলো অনেকদিন আগে থেকেই চিন্তা করছে। কাজেই যারা সংস্কারের কথা বলেন, আমরা তাদেরকে সাধুবাদ জানাই।

সমাবেশে সভপতিত্ব করেন ১২ দলীয় জোটের সমন্বয়ক জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার সঞ্চালনায় বক্তব্য রাখেন- বিএলডিপির শাহাদাত হোসেন সেলিম, বিকল্পধারা বাংলাদেশের নুরুল ইসলাম বেপারী, ইসলামী ঐক্য জোটের মাওলানা আবদুল করীম, জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি মহিউদ্দিন ইকরাম, লেবার পার্টির ফারুক রহমান, কল্যাণ পার্টির শামসুদ্দিন পারভেজ, জাগপার রাশেদ প্রধানসহ ১২ দলীয় জোটের নেতারা বক্তব্য রাখেন।

Visited 70 times, 1 visit(s) today