সংবাদ প্রতিবেদন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে সাবেক মন্ত্রী ও নীলফামারী-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরকে হত্যাচেষ্টার উদ্দেশ্যে হামলার ঘটনা ঘটেছে।
আজ শনিবার ৩০শে নভেম্বর দুপুরের দিকে হাসপাতাল প্রাঙ্গণে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আসাদুজ্জামান নূরকে চিকিৎসার জন্য দুপুরে হাসপাতালে নিয়ে আসে কারা কর্তৃপক্ষ।
এসময় জুলাই-আগস্ট আন্দোলনে আহত দাবি করা কয়েকজন ব্যক্তি আসাদুজ্জামান নূরকে দায়ী করে তার ওপর শারীরিক হামলা চালায়। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ ও নিরাপত্তা রক্ষীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এমনিতে কারাবন্দী অবস্থায় শারীরিক-মানসিক নিপীড়নে আসাদুজ্জামান নূরের স্বাস্থ্যের অবস্থা বিপর্যস্ত বেশ কিছুদিন ধরে, তারওপর এই হামলায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে বলে জানান পরিবারের লোকজন।
জুলাই-আগস্টের সরকারবিরোধী আন্দোলনে সহিংসতার ইন্ধনদাতা দাবি করে তাকে হত্যাচেষ্টা চালান হামলাকারীরা, জানান স্বজনরা।
ঘটনার পর হামলাকারী শিক্ষার্থীদেরকে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেজাউর রহমানের কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের মোবাইল ফোন সেটটি নিয়ে নেন পরিচালক। তবে এ বিষয়ে মন্তব্যের জন্য পরিচালককে ফোন করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
পরে হাসপাতালের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, আমরা ঘটনাটি সম্পর্কে জেনেছি। সেই সময় কারা কর্তৃপক্ষ সেখানে উপস্থিত ছিল। আর যেন এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে। চিকিৎসা যেন ঠিকমতো হয় সেই চেষ্টা চলছে।
প্রসঙ্গত, ২০০১ সাল থেকে সংসদে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করেন আসাদুজ্জামান নূর। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নীলফামারী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৩ সালের ৫ই জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের পর ২০১৪ সালের ১৩ই জানুয়ারি তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন এবং ২০১৯ সালের ৭ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন।
গত ১৬ই সেপ্টেম্বর রাজধানীর বেইলি রোড থেকে সাবেক এই সংস্কৃতি মন্ত্রীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
Visited 1,493 times, 1 visit(s) today
