আগে ব্যাট করে এমি হান্টারের ব্যাটে আয়ারল্যান্ড পেয়েছিল দুইশোর কাছাকাছি পুঁজি। ফারজানা হক পিঙ্কি, শারমিন আক্তার সুপ্তার পর রান তাড়ায় ছন্দ দেখান নিগার সুলতানা জ্যোতি আর স্বর্ণা আক্তার। ফলে তেমন সমস্যা ছাড়াই জিতেছে বাংলাদেশ দল।
শনিবার মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতেও তেমন লড়াই হয়নি, আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিশ্চিত করেছে স্বাগতিক দল। আগে ব্যাট করে আইরিশরা করেছিল ১৯৩ রান। ৩ বল আগে ওই রান টপকে যায় বাংলাদেশের মেয়েরা।
বাংলাদেশের হয়ে ৮৯ বলে সর্বোচ্চ ৫০ করেন ফারজানা, সুপ্তার ব্যাট থেকে আসে ৬৩ বলে ৪৩ রান। জ্যোতি ৩৯ বলে ৪০ ও ২৯ বলে অপরাজিত ২৯ করে ভূমিকা রাখেন স্বর্ণা।
রান তাড়ায় যদিও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। পঞ্চম ওভারে দলের ১৫ রানে আউট হয়ে যান মুরশিদা খাতুন। এরপর শারমিন সুপ্তা-ফারজানা পিঙ্কি মিলে গড়েন ৮৫ রানের জুটি।
সময় নিয়ে খেলে পরে ডানা মেলেন তারা। ধীরলয়ে ফিফটি করেই আউট হন পিঙ্কি। ফিফটি থেকে ৭ রান দূরে থামেন সুপ্তা। জোড়া ধাক্কায় হোঁচট খেলেও বিপদ বাড়েনি জ্যোতির ঝলকে।
অধিনায়ক প্রথমে সোবহানা মুশতারিকে নিয়ে যোগ করেন ২২ রান। এরপর স্বর্ণা আক্তারকে নিয়ে দ্রুত লক্ষ্যের দিকে ছুটে যেতে থাকেন।
৩৯ বলে ৪০ করে জ্যোতি যখন আউট হন ম্যাচ ততক্ষণে বাংলাদেশের মুঠোয়, বাকিটা সারেন স্বর্ণা।
এর আগে টস জিতে শুরুতে বিপদে পড়া আয়ারল্যান্ড ঘুরে দাঁড়ায় এমি হান্টার আর ওরলা প্রেন্ডারগেস্টের ৯১ রানের জুটিতে। তাদের বিদায়ের পর লাউরা ডেলানি দলকে নেন দুইশোর কাছে। বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন ৩২ রানে নেন ২ উইকেট।
