সংবাদ পতিবেদন
অভাবের তাড়না সইতে না পারা বাবার হাতে নির্মম হত্যার শিকার হয়েছে দুই শিশু।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর পল্লবী এলাকার বাইগারটেক এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুই শিশুর নাম বিজয় (৭) ও মুসা (৪)।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ মাকছেদুর রহমান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, আর্থিক অনটনের জেরে বাবা মো. আহাদ (৩৮) ছুরি দিয়ে দুই শিশুর গলা কেটে তাদের হত্যা করেন। এরপর নিজেও আত্মহত্যার চেষ্টা করেন।
স্থানীয়রা আহত আহাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। বিজয় ও মুসার মরদেহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।
ঘটনার বিবরণ দিতে গিয়ে বাড়ির মালিক নাসির সরকার বলেন, তিন মাস আগে আহাদ তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে আমাদের বাসার নিচতলায় ভাড়া নেন। তিনি অন্য একটি বাসার কেয়ারটেকারের কাজ করতেন এবং তার স্ত্রী গৃহকর্মী হিসেবে কাজ করতেন।
অভাব অনটনের কারণে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। সকালে চিৎকার শুনে গিয়ে দেখি, দুই শিশু রক্তাক্ত অবস্থায় মরে পড়ে আছে। আহাদও রক্তাক্ত অবস্থায় ছটফট করছিল। আমরা সাথে সাথে থানায় ফোন করি।
একই বাড়ির আরেক ভাড়াটিয়ার সাথে কথা হয় প্রতিবেদকের। তিনি জানান, আহাদের পারিবারিক অবস্থা খুবই খারাপ ছিল। স্বামী স্ত্রী দুজনেই কাজ করে। কিন্তু বর্তমান বাজারের যে অবস্থা, তাতে এই স্বল্প আয়ে চলা সম্ভব না। সে কারণে তাদের মধ্যে ঝগড়াঝাটি হতো। ভাড়াটিয়ারা এসব জানে। অভাবের কারণে বাচ্চাদের মেরে নিজেও মরতে চেয়েছিল। এটা মর্মান্তিক।
ডিসি মাকছেদুর রহমান বলেন, আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। আহাদের আর্থিক সংকট ও পারিবারিক সমস্যা এ ঘটনার প্রধান কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শেখ আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, আহাদের শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর।
