রাতের আঁধারে কাশবনে আগুন: বেড়াতে আসা, ছবি তোলা নিয়ে আপত্তি কাদের?

রাতের আঁধারে কাশবনে আগুন: বেড়াতে আসা, ছবি তোলা নিয়ে আপত্তি কাদের?
শেয়ার করুন

❐ ক্যাম্পাস প্রতিনিধি


নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের লেকের পাড়ে কাশবনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৮টার দিকে কাশবনের একটি অংশে আগুন দেয় দুর্বৃত্তরা।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা সাদ্দাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা কাশবনে আগুন ধরিয়ে পালিয়ে যায়। দ্রুত সময়ে নিরাপত্তাকর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সৌন্দর্যপিপাসু স্থানীয়রা এ ঘটনার নিন্দা জানান।

মামুনুল হক নামে এক ব্যবসায়ী বলেন, এখানে এলাকার মানুষ ঘুরতে আসেন, ছবি তোলেন, বিকেলে অনেকেই সুন্দর সময় কাটান, প্রকৃতি দেখেন। কিন্তু এসব নিয়ে এলাকার উগ্রবাদী লোকজন আপত্তি তুলেছেন। আগুন দেওয়ার পেছনে তাদের হাত থাকতে পারে।

মানুষের আমোদ-ফূর্তি দেখলে উগ্রবাদীদের শরীরে জ্বালা ধরে যায়, বলেন মামুনুল হক।

এদিকে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে লেকের পাড়ের কাশবনে আগুন জ্বলতে দেখে নিরাপত্তাকর্মীরা সেখানে ছুটে যান। পরে তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কাশবনের একটি অংশ পুড়ে গেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা জানান, কে বা কারা কাশবনে আগুন দিয়েছে, তা তারা দেখতে পাননি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম আকর্ষণ কাশবনে আগুন দেওয়ার ঘটনায় শিক্ষার্থী ও দর্শনার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শ্রাবন্তী আক্তার বলেন, অনেক সৌন্দর্যপিপাসু মানুষ প্রতিদিন ক্যাম্পাসে আসেন। এটা দেখে যাদের ভালো লাগেনি, তারাই এই কাজটি করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত।

Visited 12 times, 1 visit(s) today