বাংলাদেশি জনবল নিতে চায় লিবিয়া: ‘বেতন দেয় না, আটকে রেখে টাকা আদায় করবে’- সতর্ক করলেন প্রবাসীরা

বাংলাদেশি জনবল নিতে চায় লিবিয়া: ‘বেতন দেয় না, আটকে রেখে টাকা আদায় করবে’- সতর্ক করলেন প্রবাসীরা
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক


বাংলাদেশ থেকে বেশ কিছু খাতে দক্ষ জনবল নিতে চায় মধ্যপ্রাচ্যের সংঘাতময় রাষ্ট্র লিবিয়া। বাংলাদেশি রাষ্ট্রদূতের সাথে দেশটির স্বাস্থ্যমন্ত্রীর বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে এ খবর প্রকাশিত হলে উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেন লিবিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা প্রবাসী কর্মীরা। আগ্রহী বাংলাদেশিদের সতর্ক করে বলেন, যেন কেউ লিবিয়ায় যাওয়ার কথা না ভাবেন।

এমনকি লিবিয়িায় কর্মরত প্রবাসীরাও নিজেদের দুর্বিষহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন।

সৌদি প্রবাসী মো. ফরিদ বলেন, বাংলাদেশিদের জন্য লিবিয়ার ভিসা নিষিদ্ধ করা দরকার। সেখানে গেলে টের পাবে কত অত্যাচার, নির্যাতন করা হয় শ্রমিকদের। বেতন-খাবার কিছু পায় না। বাধ্য হয়ে অনেকে সাগর পাড়ি দেয় অন্য দেশে চলে যেতে। আর তখন দালালেরা মানুষ মেরে সাগরে ফেলে দেয়। কাজেই লিবিয়া বাদ দিয়ে অন্য কোন রাষ্ট্রে শ্রমিক পাঠানোর গুরুত্ব দিলে ভালো হবে।

 

লিবিয়ায় চরম নির্যাতন ও অপহরণের শিকার হয়েও কৌশলে পালিয়ে বেঁচে ফেরা আরিফ হোসেন বলেন, যারা সেখানে আছে, তাদের জনমালের নিরাপত্তার দেন আগে। নতুন লোক নেওয়ার হিসাব পরে করেন। লিবিয়ার মাফিয়ার সবচেয়ে বড় সহযোগী বাংলাদেশ দূতাবাসের লোকজন। মাফিয়ারা মানুষ জিম্মি করে আর দূতাবাসের লোকরা টাকা খায়, মাফিয়াদের বিরুদ্ধে টুঁ শব্দটাও করেনা।

তিনি আরও বলেন, যারা লিবিয়া যেতে চায়, তারা বাড়িতে অন্তত ২৫ লাখ টাকা ক্যাশ রেখে যাক। নইলে জীবিত ফিরে আসতে পারবে না। টাকা দিলেও ফিরে আসার গ্যারান্টি নাই ওখান থেকে।

 

প্রায় ৬ মাসের বেতন বকেয়া থাকা লিবিয়ায় কর্মরত শ্রমিক গোলাম মোস্তফা বলেন, আগে আমাদের বেতনের টাকা পরিশোধ করতে বলেন, পরে নতুন লোক নেওয়ার কথা ভাবেন।

জানা গেছে, লিবিয়ার স্বাস্থ্য খাতে জনবলের ঘাটতি পূরণের লক্ষ্যে হাসপাতাল ও বিশেষায়িত কেন্দ্রগুলোতে বাংলাদেশ থেকে দক্ষ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে দেশটির সরকার। এ লক্ষ্যে বাংলাদেশের কাছে প্রয়োজনীয় সহযোগিতা চেয়েছে দেশটি।

বৃহস্পতিবার লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহর সঙ্গে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ড. মোহাম্মদ আল-গৌজের দ্বিপক্ষীয় বৈঠকে এ আগ্রহের কথা জানানো হয়।

বৈঠকে রাষ্ট্রদূত মন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ ও লিবিয়ার মধ্যে স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে। অতীতে বিপুলসংখ্যক বাংলাদেশি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী লিবিয়ার স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং বর্তমানে উল্লেখযোগ্যসংখ্যক পেশাজীবী বিভিন্ন হাসপাতালে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

দীর্ঘদিন বেতন-ভাতা অনিয়মিত থাকা সত্ত্বেও তারা পেশাগত দায়িত্বে অবিচল থেকে সেবা প্রদান অব্যাহত রেখেছেন, যা লিবিয়ার হাসপাতাল কর্তৃপক্ষ ও সাধারণ জনগণের কাছে তাদের প্রতি আস্থা ও বিশ্বাসকে সুদৃঢ় করেছে।

রাষ্ট্রদূত বর্তমানে কর্মরত বাংলাদেশি পেশাজীবীদের বেতন-ভাতা নিয়মিত করায় মন্ত্রীকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, কয়েকজন পেশাজীবীর বেতন-ভাতা এখনো প্রশাসনিক ও আর্থিক জটিলতার কারণে নিয়মিত হয়নি এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান।

পাশাপাশি বর্তমানে কর্মরত ও দেশে প্রত্যাবর্তনকারী সব বাংলাদেশি পেশাজীবীর বকেয়া বেতন দ্রুত পরিশোধ নিশ্চিতকল্পে মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এছাড়া, রাষ্ট্রদূত বর্তমান এক্সচেঞ্জ রেট অনুযায়ী চুক্তি নবায়ন, চুক্তিভিত্তিক প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স প্রেরণের কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান।

জাবাবে স্বাস্থ্যমন্ত্রী ড. মোহাম্মদ আল-গৌজ বাংলাদেশি পেশাজীবীদের দক্ষতা, পেশাদারিত্ব ও কর্মনিষ্ঠার প্রশংসা করেন এবং বেতন-ভাতা প্রদানে বিলম্ব হওয়ায় আন্তরিক দুঃখ প্রকাশ করেন।

তিনি জানান, ইতোমধ্যে প্রয়োজনীয় প্রশাসনিক ও আর্থিক প্রক্রিয়া সম্পন্ন করে মাসিক বেতন-ভাতা নিয়মিত করা হয়েছে। এছাড়া, বাংলাদেশি পেশাজীবীদের অন্যান্য বিষয়গুলো সমাধান এবং প্রযোজ্য আইন অনুযায়ী তাদের অধিকার নিশ্চিত করতে মন্ত্রণালয় সক্রিয়ভাবে কাজ করছে।

দেশে প্রত্যাবর্তনকারীসহ সব বাংলাদেশি পেশাজীবীর বকেয়া বেতন পরিশোধের লক্ষ্যে একটি বিশেষায়িত কমিটি কাজ করছে বলেও জানান তিনি।

বৈঠকের শেষে উভয়পক্ষ পারস্পরিক যোগাযোগ জোরদার রাখা এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণে একযোগে কাজ করার বিষয়ে একমত পোষণ করেন।

Visited 28 times, 1 visit(s) today