এবার ব্যাংক লেনদেনের ওপরেও কর আরোপের চিন্তা করছে সরকার

এবার ব্যাংক লেনদেনের ওপরেও কর আরোপের চিন্তা করছে সরকার
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক


ব্যাংক লেনদেনের ওপর কর আরোপের সম্ভাবনা নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান আবদুর রহমান খান।

আজ ৯ই এপ্রিল, বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগীয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক প্রাক-বাজেট মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, অতিরিক্ত সম্পদশালী ব্যক্তি ও উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের ওপর কর আরোপের বিষয়টি সরকার বিবেচনা করছে। একই সঙ্গে ব্যাংক লেনদেনে কর আরোপ করা সম্ভব কিনা, তা নিয়েও এনবিআর কাজ করছে।

এনবিআর চেয়ারম্যান আরও উল্লেখ করেন, সরকারের নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন শুধু এনবিআরের একার পক্ষে সম্ভব নয়।

এ ক্ষেত্রে সব সরকারি প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোকে কর আদায়ে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। কর ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও কার্যকর করতে ইতোমধ্যে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি জানান, ভবিষ্যতে কর ব্যবস্থাকে সম্পূর্ণ ডিজিটালাইজেশনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এতে অভিযোগ কমবে এবং করদাতাদের কাস্টমস, ভ্যাট বা বন্ড অফিসে সরাসরি যেতে হবে না।

করদাতারা রিটার্ন জমা দেওয়ার পর যাচাই সঠিক হলে প্রাপ্য রিফান্ড স্বয়ংক্রিয়ভাবে তাদের ব্যাংক হিসাবেই জমা হয়ে যাবে।

Visited 11 times, 1 visit(s) today