ব্যবসায়ী-স্বনামধন্য ব্যক্তিদের ফাঁসানো ‘জুলাই মামলা’ দ্রুত যাচাই-বাছাইয়ের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ব্যবসায়ী-স্বনামধন্য ব্যক্তিদের ফাঁসানো ‘জুলাই মামলা’ দ্রুত যাচাই-বাছাইয়ের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

২০২৪-এর ৫ই আগস্টের পর দায়ের হওয়া বিভিন্ন মামলায় বড় ব্যবসায়ী, স্বনামধন্য ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের আসামি করার অভিযোগ উঠেছে।

এসব মামলার কারণে কেউ যেন অযথা ভোগান্তির শিকার না হন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মামলাগুলো যাচাই-বাছাইয়ের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন সব অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে সভা শেষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি জানান।

মন্ত্রী বলেন, ৫ই আগস্টের পর বেশ কিছু মামলা হয়েছে।

“এ সুযোগে কিছু সুবিধাবাদী শ্রেণির মানুষ ভোগান্তি সৃষ্টির উদ্দেশ্যে অনেককে আসামি করেছে, যাদের সেখানে জড়িত থাকার প্রশ্নই আসে না,” বলেন তিনি।

মন্ত্রী বলেন, “অনেক বড় ব্যবসায়ী, স্বনামধন্য ব্যক্তি এবং সমাজের বিশিষ্ট মানুষদেরও এভাবে আসামি করা হয়েছে। অনেক মানুষ ভোগান্তিতে পড়েছেন। আমরা বিষয়গুলো পরীক্ষা-নিরীক্ষা করতে বলেছি।”

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংশ্লিষ্টদের যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং কেউ যেন অযথা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা হবে।

“আমরা আইনের শাসন প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছি। সুশাসন জারি করতে চাই। কিন্তু নিরীহ মানুষ যদি মামলাবাজির শিকার হয়ে ভোগান্তিতে থাকেন, সেটি গ্রহণযোগ্য নয়। তাই এখন যাচাই-বাছাই করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে,” বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ জন্য আলাদা কোনো কমিটির প্রয়োজন নেই।

“এটা পুলিশের কাজ, তারাই করবে। দ্রুত একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে,” যোগ করেন তিনি।

সাংবাদিকদের কেউ এসব মামলায় রয়েছেন কি না—এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সাংবাদিকরা কি মানুষ না? আইনের শাসন সবার জন্য সমানভাবে প্রযোজ্য।”

Visited 6 times, 1 visit(s) today