❐ জেলা প্রতিনিধি
জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে টাকার বিনিময়ে ভোটারদের ভোট ক্রয়ের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভর তিন কর্মীকে আটক করে স্থানীয়রা। এসময় তাদের উত্তম-মধ্যম দেন তারা।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
আজ ১১ই ফেব্রুয়ারি, বুধবার বিকেলে মাদারগঞ্জ উপজেলার চরগোলাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জাহাঙ্গীর ইসলাম (৪৫), জহুরুল ইসলাম (৫০) ও মেহেদী হাসান (৩০)। তাদের সবার বাড়ি মেলান্দহ উপজেলার ছবিলাপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে একটি মাইক্রোবাসে করে তিন ব্যক্তি মাদারগঞ্জ উপজেলার কয়ড়া ও গোলাবাড়ী এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের মধ্যে নগদ অর্থ বিতরণ করছিলেন।
টাকা দিয়ে ভোট ক্রয়ের প্রচেষ্টার বিষয়টি বুঝতে পেরে এলাকাবাসী চরগোলাবাড়ী এলাকা থেকে তাদের আটক করে। পরে আটক ব্যক্তিদের কয়ড়া বাজারে নিয়ে যাওয়া হয়। নিয়ে যেতে যেতে তাদের উত্তম-মধ্যম দেওয়া হয়েছে বলে জানান স্থানীয়রা।
পরে পুলিশ ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের প্রত্যেককে ১ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা দেন।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ অভিযোগ করে বলেন, ঘটনাটি পরিকল্পিত। যে ব্যক্তি তার কর্মীদের আটক করেছে, তিনি আগেও তাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন।
এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি নির্বাচনে এজেন্ট নিয়োগে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন।
অন্যদিকে, মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন আটক তিনজনকে এক মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন।
