আসক: একমাস দশদিনে দেশে ১৩৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে

আসক: একমাস দশদিনে দেশে ১৩৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে
শেয়ার করুন
❐ বিডি ডাইজেস্ট ডেস্ক

চলতি বছরের জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারির প্রথম ১০ দিনে দেশে মোট ১৩৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৩ জন নিহত এবং ১ হাজার ১০৫ জন আহত হয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেশবাসী উদ্বিগ্ন।

গতকাল গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সহিংসতা ও হতাহতের সংখ্যা বাড়ার প্রবণতা অব্যাহত রয়েছে। তবে নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছেনা বলে মনে করে সংগঠনটি।

আসকের তথ্য অনুযায়ী, জানুয়ারির প্রথম ১০ দিনে (১-১০ই জানুয়ারি) রাজনৈতিক সহিংসতার ৮টি ঘটনায় ২৬ জন আহত এবং ৫ জন নিহত হন। পরবর্তী ১০ দিনে (১১-২০শে জানুয়ারি) ১৮টি সহিংসতার ঘটনায় ১৭৬ জন আহত এবং ২ জন নিহত হন। জানুয়ারির শেষ ভাগে (২১-৩১শে জানুয়ারি) ৪৯টি ঘটনায় ৪১৪ জন আহত এবং ৪ জন নিহত হন। অন্যদিকে, ফেব্রুয়ারির প্রথম ১০ দিনে (১–১০ই ফেব্রুয়ারি) ৫৮টি সহিংসতার ঘটনায় ৪৮৯ জন আহত এবং ২ জন নিহত হয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনাও উদ্বেগজনক হারে বাড়ছে বলে উল্লেখ করা হয়। গত বছরের ডিসেম্বরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ১১ জন সাংবাদিক আক্রান্ত হন। চলতি বছরের জানুয়ারিতে আক্রান্ত সাংবাদিকের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৬ জনে।

আর ফেব্রুয়ারির প্রথম ১০ দিনেই ৪৭ জন সাংবাদিক আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গত ৭ই ফেব্রুয়ারি অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশ টাইমস-এর ২১ জন সাংবাদিককে কর্মস্থল থেকে আটক করে সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয় এবং প্রায় ২ ঘণ্টা পর তাদের ছেড়ে দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামগ্রিকভাবে দেখা যাচ্ছে গত বছরের ডিসেম্বরের তুলনায় চলতি বছরের জানুয়ারিতে রাজনৈতিক সহিংসতার ঘটনা বেড়েছে এবং ফেব্রুয়ারিতেও সেই ধারা অব্যাহত রয়েছে। একই সঙ্গে সহিংসতায় হতাহতের সংখ্যাও বাড়ছে। অর্থাৎ নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই রাজনৈতিক পরিস্থিতি সহিংস হয়ে উঠছে। পাশাপাশি সাংবাদিকদের ওপর হামলার ঘটনাও বাড়ছে।

রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিক হয়রানির ক্রমবর্ধমান ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে আসক সংশ্লিষ্ট সব পক্ষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছে।

Visited 12 times, 1 visit(s) today