নিজস্ব প্রতিবেদক
রাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ান বাজারের সোনারগাঁও ক্রসিং (সার্ক ফোয়ারা) এলাকায় গত ১২ জানুয়ারি ২০২৫ সন্ধ্যা অনুমান সাড়ে পাঁচটার দিকে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত ল্যান্স কর্পোরাল মাসুদ রানা (বিডি ৪৭২৮৫২), যিনি বর্তমানে প্রেষণে ডিজিএফআই (ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স) ঢাকা শাখায় কর্মরত, বিক্ষোভ মিছিল কভার করতে গিয়ে বিক্ষোভকারীদের হামলার শিকার হয়ে আহত হয়েছেন।
জানা যায়, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরের (যিনি গত ৭ জানুয়ারি কারওয়ান বাজার এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন) হত্যার প্রতিবাদে তার কর্মী-সমর্থকরা ওই দিন বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এই কর্মসূচির ছবি ও ভিডিও ধারণ এবং বক্তব্য প্রদানকারী নেতাদের নাম জানতে চাওয়ার উদ্দেশ্যে ডিজিএফআইয়ের ওই সদস্য মাসুদ রানা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এ সময় বিক্ষোভকারীদের কয়েকজন তার পরিচয় জানতে চান। তিনি নিজেকে ডিজিএফআই সদস্য হিসেবে পরিচয় দিলে তারা আইডি কার্ড দেখতে চান। আইডি কার্ড প্রদর্শনের সময় অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি মাসুদ রানার ওপর হামলা চালান। তারা তাকে কিল-ঘুষি মারেন, ফলে তিনি মুখে ও পিঠে জখমপ্রাপ্ত হন।
হামলার খবর পেয়ে তার সহকর্মী অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোস্তফা (যিনি বর্তমানে ডিজিএফআই ঢাকা শাখায় কর্মরত, মোবাইল: ০১৭১৪-৮৭৩৫৯৭) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাসুদ রানাকে উদ্ধার করেন এবং সামরিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।
এ ঘটনায় কর্তব্যরত একজন গোয়েন্দা সংস্থার সদস্যের ওপর হামলা সংঘটিত হওয়ায় বিষয়টি নিয়ে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত হামলাকারীদের শনাক্ত বা গ্রেপ্তারের বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য জানা যায়নি।
