নিজস্ব প্রতিবেদক
অ্যানিমেশন চলচ্চিত্র ‘মুজিব ভাই-এর নির্মাণ ব্যয় নিয়ে সম্প্রতি ব্যাপক বিতর্ক ছড়িয়ে পড়েছে। বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে চলচ্চিত্রটির নির্মাণে নাকি আওয়ামী লীগ সরকার ৪ হাজার ২১১ কোটি টাকা ব্যয় করেছে। অথচ যাচাই করে দেখা গেছে, ইউনূস সরকার কর্তৃক প্রকাশিত ডাক ও টেলিযোগাযোগ খাতসংক্রান্ত শ্বেতপত্রে এমন কোনো তথ্য নেই।
সেখানে উল্লেখ করা হয়েছে, ‘মুজিব ভাই’সহ আরও কয়েকটি প্রকল্পের সম্মিলিত ৪২১১.২২ লাখ টাকা, অর্থাৎ প্রায় ৪২ কোটি ১১ লাখ টাকা।
জানা গেছে, এই নির্লজ্জ অপপ্রচারের নেপথ্যে রয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রেসসচিব শফিকুল আলম।
শ্বেতপত্রে জানানো হয়, আইসিটি বিভাগের তহবিল থেকে দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বিষয়ক বিভিন্ন অডিও–ভিজ্যুয়াল কার্যক্রমের আওতায় এই অর্থ ব্যয় হয়েছে। এসব কন্টেন্টের মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের অডিও–ভিজ্যুয়াল রূপ, ‘মুজিব ভাই’, ‘খোকা’ এবং ‘সমৃদ্ধ আগামীর প্রতিচ্ছবি’।
শ্বেতপত্রে স্পষ্টভাবে বলা আছে, ৪২১১.২২ লাখ টাকা পুরো কার্যক্রমের জন্য মোট ব্যয়, কোনো একক কন্টেন্টের বাজেটও নয়।
এই টাকার অঙ্ক নিয়ে বিভিন্ন মাধ্যমে ভুল ব্যাখ্যা ছড়িয়ে পড়েছে।
বিশ্লেষকদের মতে, ৪২১১.২২ লাখ টাকার অর্থ ৪২ কোটি টাকার সামান্য বেশি, যা কোনোভাবেই ৪ হাজার কোটির সমার্থক নয়। ভুল ব্যাখ্যার সূত্র ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক হাজার কোটি টাকার দাবি ছড়িয়ে পড়ে।
অ্যানিমেশন চলচ্চিত্র ‘মুজিব ভাই’ নির্মিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে। এটি তৈরি করেছে আইসিটি বিভাগের মোবাইল গেম ও অ্যাপ্লিকেশন দক্ষতা উন্নয়ন প্রকল্প।
চলচ্চিত্রটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয় ২৩শে জুন ২০২৩ তারিখে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে। সেন্সর বোর্ড ছাড়পত্র পায় একই বছরের ২৬শে জুন। ছবিটির দৈর্ঘ্য প্রায় ৪৫ মিনিট। পরিচালনায় ছিলেন চন্দন কুমার বর্মন ও সোহেল মোহাম্মদ। আর অ্যানিমেশনের কাজ করেছে টেকনোম্যাজিক প্রাইভেট লিমিটেড এবং হাইপার ট্যাগ লিমিটেড।
অ্যানিমেশন–সংশ্লিষ্ট এক নির্মাতা জানান—তার তথ্য অনুযায়ী প্রকল্পটির বাজেট ছিল প্রায় ৪ কোটি টাকা এবং এর বেশিরভাগই কর্পোরেট স্পনসরশিপ থেকে এসেছে। এই চলচ্চিত্রের বাজেট কয়েক হাজার কোটি টাকার হওয়ার কোনো ভিত্তি নেই। এটি পুরোপুরি হাস্যকর অভিযোগ।
চলচ্চিত্রটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব, কৈশোর এবং রাজনৈতিক সংগ্রামের বিভিন্ন অংশ সংক্ষেপে তুলে ধরা হয়েছে। এটি ইউটিউব এবং বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে দেখা যায়।
