নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দলে। নেতাকর্মীদের ব্যাপক উজ্জীবিত এবং চাঞ্চল্যে ভরপুর দেখা গেছে গতকাল থেকে।
এরইমধ্যে আজ দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়ার আয়োজন করেছে বিএনপি। আজ ২৬শে ডিসেম্বর, শুক্রবার জুমার নামাজের পর এই দোয়া অনুষ্ঠিত হওয়ার কথা।
গতকাল ২৫শে ডিসেম্বর, বৃহস্পতিবার রাতে দলটির পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শুক্রবার ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং দীর্ঘ ১৭ বছর পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারসহ দেশে ফেরা উপলক্ষে বিএনপির উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী মসজিদে মসজিদে জুম্মার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হবে।
এতে আরও উল্লেখ করা হয়, ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে এই দোয়ায় অংশগ্রহণের জন্য আহ্বান জানায় দলটি।
