নিজস্ব প্রতিবেদক
ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে একটি মিছিল কর্মসূচিতে নিজের নাম জড়িয়ে দেওয়া স্লোগানে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। তিনি সবাইকে সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলা ও ইংরেজিতে দেওয়া এক পোস্টে বাবর এ কথা বলেন।
২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার গঠনের পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া বাবর লেখেন, কিছু তরুণ দেশপ্রেমের আবেগে এবং ভূ-রাজনীতি ও কূটনৈতিক শিষ্টাচার সম্পর্কে সীমিত ধারণা থেকে তার নাম ব্যবহার করে অনাকাঙ্ক্ষিত কর্মসূচিতে জড়িয়েছেন, যা দুঃখজনক। তিনি বলেন, দেশপ্রেম অবশ্যই প্রশংসনীয়, তবে তা যেন রাজনৈতিক ও কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন না করে।
এর আগের দিন ‘জুলাই ঐক্য’ নামে একটি মোর্চার উদ্যোগে ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে মিছিল কর্মসূচিতে বাবরকে নিয়ে স্লোগান দেওয়া হয়। কর্মসূচিতে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ স্লোগান ধরেন—“বাবরের পথ ধরো, সেভেন সিস্টার্স স্বাধীন করো।”
মিছিল চলাকালে পুলিশের বাধার মুখে ভারতের পূর্বাঞ্চলীয় সাত রাজ্য কেটে নিয়ে স্বাধীন করার ঘোষণাও আসে বলে জানা গেছে।
২০০৭ সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন বাবর। চারদলীয় জোট সরকারের সময়ে চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র উদ্ধারের মামলায় আওয়ামী লীগ শাসনামলে তার ফাঁসির আদেশ হয়। তবে ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর উচ্চ আদালতে আপিল করে মুক্তি পান তিনি।
বর্তমান সংবেদনশীল জাতীয় পরিস্থিতিতে দেশের শান্তি, স্থিতিশীলতা ও আসন্ন নির্বাচন প্রক্রিয়া যেন কোনো ঝুঁকিতে না পড়ে, সে জন্য সবাইকে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান বাবর।
