নিজস্ব প্রতিবেদক
বসুন্ধরা গ্রুপের পরিচালক হুমায়ুন কবির (সাব্বির) হত্যাকাণ্ড ধামাচাপা দিতে ঘুষ গ্রহণের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আটজনকে খালাস দিয়েছে আদালত।
মামলা থেকে খালাস পাওয়া অপর সাতজন হলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, তার দুই ছেলে সাফিয়াত সোবহান ও সাদাত সোবহান, তারেক রহমানের সাবেক একান্ত সহকারী সচিব (এপিএস) মিয়া নুরুদ্দিন অপু, আবু সুফিয়ান ও কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল।
রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন আবু সুফিয়ান ও কাজী সেলিমুল হক।
ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মো. আবু তাহের বৃহস্পতিবার এ রায় দিয়েছে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৬ সালের ৪ঠা জুলাই বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির খুনের অভিযোগে একটি হত্যা মামলা হয়।
ওই হত্যাকাণ্ড ধামাচাপা দিতে ২১ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে ২০০৭ সালের ৪ঠা অক্টোবর দুদকের উপ-পরিচালক আবুল কাসেম রাজধানীর রমনা থানায় একটি দুর্নীতির মামলা দায়ের করেন। মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৬ জনকে আসামি করা হয়।
পরে মামলাটি তদন্ত করে ২০০৮ সালের ২৩শে এপ্রিল তারেক রহমানসহ আট আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। একই বছরের ১৪ই জুলাই আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেয় ঢাকার বিশেষ জজ-৩ এর তৎকালীন বিচারক শাহেদ নূরউদ্দিন।
