মালয়েশিয়ায় আরও ৭২ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় আরও ৭২ বাংলাদেশি আটক
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

মালয়েশিয়ায় আরও ৭২ বাংলাদেশিসহ মোট ৪০২ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। সিঙ্গাপুর সীমান্তবর্তী রাজ্য জোহর বাহরু ও নেগারি সেম্বিলানে সাঁড়াশি অভিযান চালিয়ে এসব অভিবাসীকে আটক করা হয়।

আজ বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর সকালে মালয়েশিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়েছে।

আটকদের মধ্যে রয়েছেন ২৯৯ জন মিয়ানমারের নাগরিক, ৭২ জন বাংলাদেশি, ২২ জন ভারতীয়, তিনজন ইন্দোনেশীয়, দুজন নেপালি এবং একজন করে পাকিস্তান ও ফিলিপাইনের নাগরিক। এছাড়া আরও কয়েকজন অন্য দেশের নাগরিক রয়েছেন।

জোহর বাহরু ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস জানান, গত মঙ্গলবার জোহর বাহরুর একটি কম্পিউটার কারখানায় অভিযান চালিয়ে ৩৫৬ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। একই সঙ্গে অবৈধভাবে অভিবাসী নিয়োগের অভিযোগে কারখানাটির মানবসম্পদ বিভাগের দুই কর্মকর্তাকেও গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, অভিযানের সময় অভিবাসীরা পালানোর চেষ্টা করলে যৌথ আইন প্রয়োগকারী বাহিনী কারখানার সব গেট চারদিক থেকে ঘিরে বন্ধ করে দেয়।

এদিকে নেগারি সেম্বিলান রাজ্যের নিলাই এলাকায় একটি লৌহ কারখানায় পৃথক অভিযানে ৪৬ জন অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে। আটক সবাই বাংলাদেশি নাগরিক।

নেগারি সেম্বিলান ইমিগ্রেশন বিভাগের পরিচালক কেনিথ তান আই কিয়াং জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে চার ঘণ্টার বেশি সময় ধরে পরিচালিত অভিযানে মোট ১১৭ জনকে যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে ১৮ থেকে ৪৩ বছর বয়সী ৪৬ জন বাংলাদেশিকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ অনুযায়ী তদন্ত কার্যক্রম চলছে।

Visited 11 times, 1 visit(s) today