বিশেষ প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিনা অনুমতিতে সৌদি আরবে রাজনৈতিক সভা-সমাবেশের দায়ে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।
আটককৃতদের সংখ্যা ১৮-২০ জন হতে পারে বলে দূতাবাসের একটি সূত্র জানিয়েছে। আটককৃতরা জামায়াতে ইসলামীর কর্মী বলে জানা গেছে।
গতকাল ১৭ই ডিসেম্বর, বুধবার রিয়াদে অবস্থিত বাংলাদেশি দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, এতদ্বারা প্রবাসী বাংলাদেশিদের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন এলাকায় ইসতেরাহা/হলরুম ভাড়া করে এবং হোটেল-রেস্তোরাঁ বা ব্যক্তিগত বাসা-বাড়িতে অননুমোদিতভাবে বিভিন্ন সংগঠনের ব্যানারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সভা-সমাবেশ আয়োজন, দলবদ্ধভাবে প্রচার প্রচারণায় অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধমূলক ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের জন্য স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক কতিপয় বাংলাদেশি আটক হয়েছেন মর্মে বাংলাদেশ দূতাবাস, রিয়াদ অবহিত হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এমতাবস্থায়, সম্মানিত প্রবাসী বাংলাদেশিদের যথাযথ সৌদি কর্তৃপক্ষের অনুমোদনবিহীন কোনো সভা-সমাবেশ আয়োজন, দলবদ্ধভাবে প্রচার-প্রচারণায় অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সব ধরনের অপরাধমূলক ও বিভ্রান্তিকর তথ্য প্রচার হতে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। একই সঙ্গে সৌদি আরবের আইন-কানুন বিধি-বিধান মেনে চলার জন্যও সবাইকে অনুরোধ জানানো যাচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, সৌদি আরবে কোনো রাজনৈতিক সভা-সমাবেশের বিষয়ে অত্যন্ত কঠোর আইন রয়েছে। রাজনৈতিক সভার ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমতি এবং যথাযথ কারণ ব্যাখ্যা করতে হয়। আইন অমান্য করলে প্রবাসীদের দেশে ফেরত পাঠানোসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে।
