নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘনিয়ে আসায় বুধবার আয়োজিত হওয়ার কথা থাকা আইনশৃঙ্খলা বিষয়ক কর্মশালা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব শিমুল আকতার স্বাক্ষরিত এক চিঠিতে মঙ্গলবার এই সিদ্ধান্ত জানানো হলেও কর্মশালা স্থগিতের নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।
চিঠিতে জানানো হয়, আগামী ৩ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য ‘সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন সচিবালয়সহ প্রশাসন, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর—যেমন পুলিশ মহাপরিদর্শক, সশস্ত্র বাহিনী বিভাগ, এনএসআই, ডিএমআই, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক এবং সব পুলিশ কমিশনারকে চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ইসি জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে আয়োজনের প্রস্তুতি চলছে এবং ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করার পরিকল্পনা রয়েছে। এর ঠিক আগ মুহূর্তে আইনশৃঙ্খলা নিয়ে গুরুত্বপূর্ণ এই কর্মশালা কোনো ব্যাখ্যা ছাড়াই স্থগিত করায় বিভিন্ন মহলে কৌতূহল তৈরি হয়েছে।
