নিজস্ব প্রতিবেদক
পাবনার সাঁথিয়া উপজেলায় ভূমি অফিসে ঢুকে মানববন্ধনে অংশগ্রহণকারীদের পিটিয়েছে বিএনপি নেতাকর্মীরা। হামলায় গুরুতর আহত হন সোহেল রানা নামের এক যুবক, যিনি বর্তমানে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ঘটনাটি ঘটেছে আজ ২২শে সেপ্টেম্বর, সোমবার দুপুরে, সাঁথিয়া উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে।
স্থানীয় সূত্র জানায়, নাগডেমরা ইউনিয়ন ভূমি অফিসের পরিচ্ছন্নতাকর্মী (ঝাড়ুদার) তারেকের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগে এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করে। তারেক নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত টাকা আদায় করে ভূমি-সংক্রান্ত কাজ করতেন বলে অভিযোগ রয়েছে।
ওইদিন অভিযোগের শুনানির আগে উপজেলা ভূমি অফিসের সামনেই মানববন্ধন শুরু করেন এলাকাবাসী। তবে কিছুক্ষণের মধ্যেই অভিযুক্ত তারেক, নাগডেমরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুজ্জামান ও সদস্যসচিব ফকরুল ইসলামের নেতৃত্বে একদল নেতাকর্মী মানববন্ধনকারীদের ওপর হামলা চালায়।
হামলার সময় সোহেল রানা নিরাপত্তার খোঁজে উপজেলা ভূমি অফিসের ভেতরে আশ্রয় নেন। কিন্তু হামলাকারীরা তাকে সেখানেও রেহাই দেয়নি। অফিসের ভেতরে ঢুকে তাকে মারধর করে এবং কিছু সময় অবরুদ্ধ করে রাখে।
আহত সোহেল রানা জানান, দুর্নীতিবাজ এক কর্মচারীর বিচারের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধনে অংশ নিয়েছিলাম। কিন্তু তারেক এবং বিএনপি নেতাদের নেতৃত্বে আমাদের ওপর হামলা হয়। আমি ভূমি অফিসের ভিতর আশ্রয় নিয়েও নিরাপদ ছিলাম না। সিসিটিভি ফুটেজেই সব স্পষ্ট হবে। আমি ন্যায়ের দাবি করছি।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত সোহেল রানাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে ফোর্স পাঠানো হয়েছিল। তবে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. সাদিয়া সুলতানা বলেন, আজ শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই উভয় পক্ষের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। আমি তখন অফিসের ভেতরে ছিলাম। কে কাকে আঘাত করেছে, তা নিশ্চিত করে বলতে পারছি না। তবে অফিসের কয়েকটি কম্পিউটার ভাঙচুর হয়েছে। আমি ঊর্ধ্বতনদের জানিয়েছি। নির্দেশ পেলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
