১০ টাকায় ইলিশ খাওয়ানোর ঘোষণা দিয়ে পালিয়ে গেলেন এমপি প্রার্থী মাওলানা জামিল!

১০ টাকায় ইলিশ খাওয়ানোর ঘোষণা দিয়ে পালিয়ে গেলেন এমপি প্রার্থী মাওলানা জামিল!
শেয়ার করুন

স্থানীয় সংবাদদাতা

ফরিদপুরে সদরপুর উপজেলায় মাত্র ১০ টাকায় ইলিশ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন মাওলানা রায়হান জামিল নামের এক স্বতন্ত্র এমপি প্রার্থী। খবরে শুনে বিভিন্ন গ্রাম থেকে কয়েকশ মানুষ সেখানে জড়ো হন। মাত্র কয়েকপিস মাছ নিয়ে এসে এত মানুষ দেখে ভিড়মি খান মাওলানা জামিল। এরইমধ্যে তিনি নিজের প্রচারণার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু জনতার হট্টগোল এবং প্রতিবাদের মুখে এক পর্যায়ে প্রচারণা ফেলে দৌড়ে পালিয়ে বাঁচলেন রায়হান জামিল।

আজ ১৭ই সেপ্টেম্বর,বুধবার সকাল ১১টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

মাওলানা রায়হান জামিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন।

স্থানীয়রা জানালেন, মাত্র ১০ টাকায় ইলিশ দেওয়ার খবরে বিভিন্ন গ্রাম থেকে কয়েকশ মানুষ সেখানে জড়ো হন। কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল মানুষ জমায়েত করে রাজনীতিক বক্তব্য দেওয়া। অতি সামান্য কিছু মাছ নিয়ে এসে তিনি জনসভা জমাতে চেয়েছিলেন। পর্যাপ্ত মাছ পেয়ে জনগণ ক্ষুব্ধ হন। এক পর্যায়ে তাদের ভয়ে দ্রুত পালিয়ে যান রায়হান জামিল।

তবুও এই প্রতারণা মেনে নিতে পারেনি জনতা। ভাষণচর ইউনিয়ন পরিষদ এলাকায় পৌঁছালে ক্ষুব্ধ জনতা তার গাড়ি আটক করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় স্থানীয় কয়েকজনের সহায়তায় কোনোমতে তিনি সেখান থেকে প্রাণে রক্ষা পান।

ইলিশ নিতে আসা স্থানীয় লোকজনের বলেন, শুনছি ১০ টাকায় ইলিশ দেবেন। সকাল থেকে দাঁড়িয়ে ছিলাম, কিন্তু মাছ পেলাম না। উল্টো ধাক্কাধাক্কি, মারামারি লেগে যায়। পরে দেখি এমপি প্রার্থী পালিয়ে গেল।

এ বিষয়ে রায়হান জামিল বলেন, এই মুহূর্তে দেশের সবচেয়ে দামি মাছ ইলিশ। যে মাছ কিনে খাওয়ার মতো সক্ষমতা অনেকের নেই। তাই আমি আমার এলাকার কিছু মানুষের মাঝে ১০ টাকা প্রতি পিস ইলিশ তুলে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু এ খবর পেয়ে অনেক মানুষ চলে আসে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, বিষয়টি নিয়ে আমি আগেই রায়হান জামিলকে সতর্ক করেছিলাম। তিনি আমাদের কথায় কর্ণপাত না করে তার রাজনৈতিক কার্যক্রম চালান। বিশৃঙ্খলার খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়েছে।

Visited 10 times, 1 visit(s) today