প্রবাসে থাকা দলীয় কর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে পদ গেল জামায়াত আমিরের

প্রবাসে থাকা দলীয় কর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে পদ গেল জামায়াত আমিরের
শেয়ার করুন

❐ স্থানীয় সংবাদদাতা


ফরিদপুরের বোয়ালমারীতে এক প্রবাসে থাকা কর্মীর স্ত্রীর সঙ্গে অনৈতিক ও পরকীয়ার সম্পর্কের অভিযোগে ইনামুল মোল্লা (২৬) নামে জামায়াতে ইসলামীর আমিরকে দলীয় পদ থেকে প্রাথমিক অব্যাহতি দেওয়া হয়েছে।

গতকাল দুপুরে তাকে এ অব্যাহতি প্রদান করা হয়।

অব্যাহতি পাওয়া ইনামুল মোল্লা বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তিনি ওই ওয়ার্ডের কুশডাঙ্গা গ্রামের মো. আকরাম মোল্যার ছেলে এবং স্থানীয় মোল্লা ডাক্তার কে হালিম হাসপাতালের অভ্যর্থনাকারী (রিসেপশনিস্ট) হিসেবে কর্মরত।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারীর স্বামী- জামায়াত কর্মী প্রবাসে থাকার সুযোগে দীর্ঘদিন ধরে ইনামুলের সঙ্গে তার পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে।

সম্প্রতি তাদের সম্পর্কের বিষয়টি জানাজানি হলে পুরো এলাকায় চরম সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। প্রবাস থেকে ওই নারীর স্বামী হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নিজ দলের নেতার বিষয়ে মুঠোফোনে অভিযোগ করেন।

এ বিষয়ে বক্তব্য জানতে ইনামুল মোল্লার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা বিচারে ইনামুলকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে; অপরাধ প্রমাণিত হলে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।

ব্যক্তির কোনো ব্যক্তিগত অপকর্মের দায় দল বহন করবে না বলেও জানান তিনি।

Visited 1 times, 1 visit(s) today