কাঁচা মরিচের ঝালে দিশেহারা বাজার, কেজি ৪০ টাকা থেকে একলাফে ৩০০!

কাঁচা মরিচের ঝালে দিশেহারা বাজার, কেজি ৪০ টাকা থেকে একলাফে ৩০০!
শেয়ার করুন

❐ জেলা প্রতিনিধি

ফেনীর খুচরা বাজারে কাঁচা মরিচের দাম চরম ঊর্ধ্বমুখী। বর্তমানে প্রতি কেজি মরিচ ৩০০ টাকা ছাড়িয়ে বিক্রি হচ্ছে, যা ক্রেতাদের দিশেহারা করে তুলেছে।

মাত্র এক মাস আগেও দাম ছিল ৪০ থেকে ৫০ টাকার মধ্যে। কিন্তু সরবরাহ কমে যাওয়াসহ নানা অজুহাতে ব্যবসায়ীরা ক্রমশ দাম বাড়িয়ে চলেছেন। একই সঙ্গে অন্যান্য সবজির দামও বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ পড়েছে চরম ভোগান্তিতে।

সরেজমিনে দেখা গেছে, ফেনীর ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজী উপজেলার বাজারগুলোতে পাইকারি দরে কাঁচা মরিচ কেনা হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকায়। পরে খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কম থাকায় দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে না।

জুলাই মাসে বন্যার কারণে কৃষকদের মরিচসহ অন্যান্য সবজি চাষ ব্যাহত হওয়ায় উৎপাদন ব্যাপকভাবে কমে গেছে। ফলে বাজারে ঘাটতি আরও তীব্র হয়েছে।

বিক্রেতাদের দাবি, ধারাবাহিক বৃষ্টির ফলে মরিচের সরবরাহ হ্রাস পেয়েছে, আর এই সুযোগে আড়তদার ও পাইকারি বিক্রেতারা বাড়তি দাম আদায় করছেন।

ছাগলনাইয়া বাজারে সবজি বিক্রেতারা জানালেন, বর্তমানে প্রায় সব ধরনের সবজির দাম ৮০ টাকার ওপরে। ক্রেতারা বাধ্য হয়ে নিত্যপ্রয়োজনীয় সবজি কিনলেও বেশিরভাগ ক্ষেত্রে তাদের হিমশিম খেতে হচ্ছে।

কাঁচাবাজারে আসা ভোক্তা শেখ কামাল ক্ষোভ প্রকাশ করে বলেন, “শুধু কাঁচা পেঁপে ছাড়া এখন আর কোনো সবজি হাতের নাগালে নেই। ফেনী এমনিতেই বন্যাকবলিত এলাকা, তার ওপর সব ধরনের বাজারদর আকাশছোঁয়া। সাধারণ মানুষ এখন সত্যিই অসহায় অবস্থায় পড়েছে।”

Visited 12 times, 1 visit(s) today