নথি গায়েব করে ১৪৬ কোটি টাকার কর ফাঁকি: ফাঁসলেন আবু সাঈদসহ তিন কর কর্মকর্তা

নথি গায়েব করে ১৪৬ কোটি টাকার কর ফাঁকি: ফাঁসলেন আবু সাঈদসহ তিন কর কর্মকর্তা
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক

ঢাকা কর অঞ্চল-৫ এর কমিশনার আবু সাঈদ মো. মুস্তাকসহ তিন কর কর্মকর্তার বিরুদ্ধে নথি গায়েব করে ১৪৬ কোটি টাকার কর ফাঁকির অভিযোগে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ ২১শে আগস্ট, বৃহস্পতিবার দুদকের কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটির একটি উচ্চপর্যায়ের সূত্র।

দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম এ মামলার বাদী হবেন। মামলার অন্য দুই আসামি হলেন কর অঞ্চল-৫ এর অতিরিক্ত কর কমিশনার গোলাম কবীর এবং উপ-কর কমিশনার লিংকন রায়।

দুদকের তথ্য অনুযায়ী, ধামশুর ইকোনমিক জোন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২০২০-২১ এবং ২০২১-২২ করবর্ষে মোট ১৪৬ কোটি ৫৭ লাখ টাকা কর দাবি করা হয়েছিল। তবে কর্মকর্তা বদলির পর নতুন দায়িত্বপ্রাপ্তরা মূল কর নির্ধারণী আদেশ পরিবর্তন করে দাবি নামিয়ে আনেন শূন্য টাকা ও মাত্র ১ হাজার টাকায়।

এর মাধ্যমে প্রতিষ্ঠানটিকে বিপুল অঙ্কের রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ করে দেন তারা।

শুধু তাই নয়, আসল কর নির্ধারণী আদেশের নথিও গায়েব করে ফেলা হয়, যা দুদকের অনুসন্ধানে আর খুঁজে পাওয়া যায়নি।

Visited 11 times, 1 visit(s) today