ওসিকে ন্যাংটা করে এলাকাছাড়ার হুমকি বিএনপি নেতার

ওসিকে ন্যাংটা করে এলাকাছাড়ার হুমকি বিএনপি নেতার
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের মহেশখালীতে অনুষ্ঠিত একটি রাজনৈতিক সভায় পুলিশের একজন কর্মকর্তাকে প্রকাশ্যে সন্ত্রাসী কায়দায় এলাকা ছাড়া করার হুমকি দেন কক্সবাজার জেলা বিএনপির সদস্য ও মহেশখালী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আকতার হোসেন।

গতকাল ১৩ই আগস্ট, বুধবার দুপুরে দীঘির পাড়ে এক স্মরণসভায় তিনি মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হককে ‘ন্যাংটা করে এলাকা থেকে বের করে দেওয়ার’ হুমকি দেন। তার এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন পুলিশের কর্মকর্তারা।

এদিকে পুলিশের প্রতি এমন সন্ত্রাসী হুমকির পর বিএনপি ওই নেতার পদ স্থগিত করে লঘু শাস্তির উদ্যোগ নিয়েছে।

স্থানীয়রা বলছেন, সন্ত্রাসী কায়দায় এই হুমকির মাধ্যমে বিএনপি নেতা শুধু একজন পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেননি, বরং দেশের প্রচলিত আইনশৃঙ্খলার ওপর সরাসরি আঘাত করেছেন। পুলিশের উদ্দেশে এমন অশোভন, অশালীন ও হিংসাত্মক ভাষা রাজনৈতিক সভায় ব্যবহার করা চরম দায়িত্বহীনতা ও সন্ত্রাসমূলক মানসিকতা বলে মন্তব্য করেছেন তারা।

আকতার হোসেন তার বক্তব্যে বলেন, ওসি সাহেব, আপনার দোকান বন্ধ করেন। ন্যাংটা করে মহেশখালী থেকে পাঠিয়ে দেওয়া হবে।

বিএনপির এই নেতার দাবি, থানার ওসির কক্ষ নাকি ‘টাকার বিনিময়ে মামলা নেওয়ার দোকানে’ পরিণত হয়েছে।

বিএনপির সাবেক দপ্তর সম্পাদক প্রয়াত শফি উল্লাহ শফির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় আক্তার হোসেন বলেন, মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক আওয়ামী লীগের দোসরদের নিয়ে চা খান অফিসে। ওসি সাহেব দোকান বন্ধ করেন আপনার। আপনাকে ল্যাংটা করে মহেশখালী থেকে তাড়িয়ে দেওয়া হবে।

এদিকে এই বক্তব্য বিএনপির কেন্দ্রীয় কমিটির দৃষ্টি আকর্ষণ হলে কেন্ত্রীয় নেতৃত্ব আকতার হোসেনের এই সন্ত্রাসী বক্তব্য ও সংগঠনবিরোধী আচরণের বিরুদ্ধে লঘু ব্যবস্থা নিয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, আকতার হোসেনের প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশখালী থানার ওসিকে অশোভন গালাগাল করে হুমকি এবং সংগঠনবিরোধী কার্যকলাপের জন্য তার বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থানীয় প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, ওসি মনজুরুল হক গত ২০শে মে মহেশখালী থানায় যোগ দেন এবং এরপর থেকেই আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয় রয়েছেন। তার বিরুদ্ধে বিএনপি নেতার আনীত অভিযোগ সম্পর্কে ওসি বলেন, এসব সত্য নয়। তারা কী কারণে এসব বলছেন, তারাই ভালো বলতে পারবেন।

Visited 9 times, 1 visit(s) today