জাপার অব্যাহতিপ্রাপ্তদের কাউন্সিলে নতুন চেয়ারম্যান আনিসুল, মহাসচিব হাওলাদার

জাপার অব্যাহতিপ্রাপ্তদের কাউন্সিলে নতুন চেয়ারম্যান আনিসুল, মহাসচিব হাওলাদার
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টি (জাপা) থেকে অব্যাহতিপ্রাপ্ত নেতাদের উদ্যোগে অনুষ্ঠিত দশম জাতীয় কাউন্সিলে নতুন নেতৃত্ব গঠিত হয়েছে।

আজ ৯ই আগস্ট শনিবার বিকেলে রাজধানীর গুলশানের ইমানুয়েল পার্টি সেন্টারে এই কাউন্সিলে দলের সাবেক সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ চেয়ারম্যান এবং রুহুল আমিন হাওলাদার মহাসচিব নির্বাচিত হন।

এ ছাড়া কাজী ফিরোজ রশিদ সিনিয়র কো-চেয়ারম্যান এবং মুজিবুল হক চুন্নু নির্বাহী চেয়ারম্যান হন। কাউন্সিলে উপস্থিত কাউন্সিলরদের সমর্থনে নির্বাচন কমিশনের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির এই নাম ঘোষণা করেন।

জহিরুল ইসলাম জানান, চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

নির্বাচিত হওয়ার পর আনিসুল ইসলাম মাহমুদ বলেন, “আজ থেকে আর কেউ অন্যায়ভাবে পার্টি থেকে বহিষ্কার হবেন না। যারা পার্টির জন্য কাজ করবেন, তাদের মূল্যায়ন করা হবে।”

মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, “যারা এই কাউন্সিলে আসেননি, তাদেরও জাতীয় পার্টিতে আমন্ত্রণ জানাচ্ছি।”

আদালতের নিষেধাজ্ঞায় জি এম কাদেরের কার্যক্রম স্থগিত হওয়ার পর জাপার ভেতরে এই নতুন মেরুকরণ শুরু হয়। গত ৫ আগস্ট বিরোধী অংশের সভায় আনিসুল ইসলাম মাহমুদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বহিষ্কৃতদের পুনর্বহাল করার সিদ্ধান্ত হয়।

Visited 9 times, 1 visit(s) today