‘শেখ হাসিনাকে ফিরিয়ে আনবো’, জাপা নেতার বক্তব্য ফেসবুকে ভাইরাল

‘শেখ হাসিনাকে ফিরিয়ে আনবো’, জাপা নেতার বক্তব্য ফেসবুকে ভাইরাল
শেয়ার করুন

রংপুর প্রতিনিধি

‘শেখ হাসিনাকে ফিরিয়ে আনবো’, এমন ঘোষণা দিয়ে জাতীয় পার্টির (জাপা) এক নেতার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

গত বৃহস্পতিবার রাতে রংপুর জেলার বদরগঞ্জে একটি নির্বাচনী জনসভায় এ বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোকাম্মেল হক চৌধুরী।

রংপুর-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আনিছুল ইসলাম মণ্ডলের পক্ষে আয়োজিত ওই জনসভায় বক্তব্য দেন মোকাম্মেল হক চৌধুরী। সভায় বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভাইরাল হওয়া ভিডিওতে মোকাম্মেল হক চৌধুরীকে বলতে শোনা যায়, “আমরা জাতীয় পার্টি আওয়ামী লীগের পক্ষে আছি। আমরা জেল-জুলুমকে ভয় পাই না। আওয়ামী লীগের নিরীহ নেতাদের ওপর কোনো অত্যাচার-নির্যাতন হতে দেব না। জাতীয় পার্টি যদি ক্ষমতায় আসে, আওয়ামী লীগের সব মামলা প্রত্যাহার করা হবে এবং জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনা হবে।”

এ বক্তব্য ঘিরে স্থানীয় রাজনীতিতে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

মোকাম্মেল হক চৌধুরীর বাড়ি বদরগঞ্জ উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে। তিনি পেশায় আইনজীবী এবং রংপুর আদালতে প্র্যাকটিস করেন।

পারিবারিকভাবে তিনি আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কিত—তার চাচাতো ভাই ডিউক চৌধুরী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং চাচা আনিছুল হক চৌধুরী ছিলেন সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী।

এ বিষয়ে বদরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাকুর রহমান এক বিজ্ঞপ্তিতে বলেন, শেখ হাসিনাকে নিয়ে মোকাম্মেল হক চৌধুরীর মন্তব্য ছিল তাঁর ব্যক্তিগত মতামত এবং তা দলীয় অবস্থান নয়।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। বক্তব্যটি দলীয় অবস্থান নাকি ব্যক্তিগত মন্তব্য—তা নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

Visited 15 times, 1 visit(s) today