মির্জা আব্বাস: অন্তর্বর্তী সরকার দেশের অবস্থা চব্বিশটা বাজিয়ে দিয়েছে

মির্জা আব্বাস: অন্তর্বর্তী সরকার দেশের অবস্থা চব্বিশটা বাজিয়ে দিয়েছে
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করে বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের পরিস্থিতি আরও খারাপ করে ফেলেছে। তার ভাষায়, এখনকার সরকার চব্বিশটা বাজিয়ে দিয়েছে।

শনিবার বিকেলে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুলাই দাঙ্গার এক বছর পূর্তি উপলক্ষে জাসাস ঢাকা মহানগর দক্ষিণ শাখা এ আয়োজন করে।

মির্জা আব্বাস বলেন, বলার মতো অনেক কিছু আছে, কিন্তু এই অবস্থান থেকে সব বলা সম্ভব নয়। দেশের অনেক দিকেই ক্ষতি হয়েছে, অনেক জায়গায় দুর্নীতি হয়েছে, কে কোথায় কীভাবে টাকা আত্মসাৎ করেছে—সব তথ্য প্রমাণসহ জানা আছে। কিন্তু এখন আমি বলছি না।

তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে দেশের বিভিন্ন অরাজক ঘটনার জন্য বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। যেখানেই খুন, চাঁদাবাজি বা লুটপাট—সেইসব জায়গায় বিএনপির নাম ঘুরে ফিরে আসে। এটা উদ্দেশ্যপ্রণোদিত। বিএনপিকে জনতার সামনে আসামি হিসেবে তুলে ধরার চেষ্টা চলছে, আমরা বিষয়টি ভালোভাবেই বুঝি।

নতুন রাজনৈতিক দল এনসিপিকে উদ্দেশ করে মির্জা আব্বাস বলেন, আপনারা যেমন ক্ষমতায় যেতে চান, আমরাও চাই। তবে সেটা হতে হবে জনগণের ভোটে। যদি জনগণ ভোট দেয়, আমরা ক্ষমতায় যাব; না দিলে আপনাদের মেনে নেব। গত ১৭ বছর ধরে বিএনপি ভোট ও গণতন্ত্রের জন্য আন্দোলন করে আসছে।

তিনি আরও অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল মুখে নির্বাচনের কথা বললেও প্রকৃতপক্ষে তারা চায় না নির্বাচন হোক। কারণ, তারা মনে করে, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে। এজন্য এসব দল নানা অজুহাতে নির্বাচন বন্ধের পরিবেশ তৈরি করতে চায়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাসাস ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি শওকত আজিজ। এতে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম, জনশক্তিবিষয়ক সম্পাদক এম এ মালেক, জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হেলাল উদ্দীন, এবং আন্দোলনে নিহত মিরাজের বাবা আব্দুর রব মিয়া।

অনুষ্ঠান শেষে একটি সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়, যেখানে জাসাসের শিল্পীরা অংশ নেয়।

Visited 3 times, 1 visit(s) today