বঙ্গবন্ধুকে নিয়ে আপত্তিকর স্লোগান, গোপালগঞ্জবাসীর প্রতিরোধে ভণ্ডুল এনসিপির সভামঞ্চ

বঙ্গবন্ধুকে নিয়ে আপত্তিকর স্লোগান, গোপালগঞ্জবাসীর প্রতিরোধে ভণ্ডুল এনসিপির সভামঞ্চ
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কেন্দ্র করে উত্তেজনা চরমে পৌঁছেছে। সমাবেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপত্তিকর স্লোগান দেওয়ার অভিযোগে বিক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয় আওয়ামী লীগ ও সাধারণ মানুষ। তারা প্রতিবাদে সরব হয়ে মঞ্চ ভেঙে দেয়, ফলে কর্মসূচি ভণ্ডুল হয়ে পড়ে।

১৬ই জুলাই, বুধবার দুপুরে গোপালগঞ্জ পৌর পার্কে এনসিপির কেন্দ্রীয় সমাবেশ চলাকালে কিছু কর্মী বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর স্লোগান দেন বলে অভিযোগ ওঠে। মুহূর্তেই শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, এ অপমান সহ্য করতে পারেননি গোপালগঞ্জবাসী। প্রতিবাদ জানাতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ জড়ো হন এবং এনসিপির মঞ্চ ভেঙে দেন।

এর আগে সকাল থেকেই উত্তেজনার সূচনা হয়। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর গাড়িবহর গোপালগঞ্জ শহরে প্রবেশের আগেই থেমে যায়। অতিরিক্ত পুলিশ দেখে তিনি গাড়ি থেকে নেমে পুলিশের সহায়তা চান।

এক পর্যায়ে উলপুর এলাকায় আওয়ামী লীগের মিছিলে পুলিশ গুলি চালায় বলে দাবি স্থানীয়দের। পাল্টা প্রতিক্রিয়ায় ছাত্রলীগ নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (আইসি) আহমেদ বিশ্বাস, কনস্টেবল কাওছার ও মিনহাজ আহত হন। তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসানের গাড়িবহরেও হামলা চালানো হয়।

তিনি বলেন, এনসিপির কর্মসূচি বানচালের জন্য নয়, বরং উসকানিমূলক আচরণের প্রতিক্রিয়াতেই সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তোলে।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং একটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। কারা এসব ঘটনায় জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

বর্তমানে শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।

Visited 12 times, 1 visit(s) today