গোপালগঞ্জে আওয়ামী লীগ কর্মীদের ওপর গুলিবর্ষণ, পুলিশ-ইউএনওর গাড়ি ভাঙচুর বিক্ষুব্ধ জনতার

গোপালগঞ্জে আওয়ামী লীগ কর্মীদের ওপর গুলিবর্ষণ, পুলিশ-ইউএনওর গাড়ি ভাঙচুর বিক্ষুব্ধ জনতার
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতাকর্মী ও সাধারণ মানুষদের গ্রেপ্তার করার পরে প্রতিবাদ মিছিলে গুলি চালায় পুলিশ। এর প্রতিক্রিয়ায় পুলিশ ও ইউএনওর গাড়ি ভাঙচুর করেন বিক্ষুব্ধ জনতা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

আজ ১৬ই জুলাই, বুধবার সদর উপজেলায় গোপালগঞ্জ সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাড়ি বহরে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় বেশ কয়েকজন আহত হন।

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসান বলেন, এনসিপির মাসজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রার কথা রয়েছে। সেখানে কেন্দ্রীয় নেতাদের আগমনের কথা রয়েছে। তাদের পদযাত্রা বানচালের জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকেরা সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায় গাড়ি বহরে হামলা ও ভাঙচুর করেছে।

বুধবার সকালে সদর উপজেলার উলপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে পুলিশ আওয়ামী লীগ নেতাকর্মীদের গণগ্রেপ্তার শুরু করেছে কয়েকদিন ধরে। এরপর সকালে আওয়ামী লীগের মিছিলে পুলিশ হামলা চালালে পাল্টা সংগঠিত হয়ে পুলিশের গাড়ি ভাঙচুর ও আগুন দেন ছাত্রলীগের নেতাকর্মীরা, তাদের সাথে ছিলেন গোপালগঞ্জের বিক্ষুব্ধ সাধারণ মানুষ।

এ সময় পুলিশের ৩ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন— গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (আইসি) আহমেদ বিশ্বাস, কনস্টেবল কাওছার ও মিনহাজ। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এনসিপির নেতাকর্মীদের মার্চ টু গোপালগঞ্জকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে সমবেত হন। তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে টহল পুলিশের একটি দলকে ধাওয়া দেয় লোকজন। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। খবর পেয়ে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিত নিয়ন্ত্রণে আনে।

গোপালগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, কারা এই ঘটনা ঘটিয়েছে আমরা এখন পর্যন্ত জানিনা। তবে আমাদের পুলিশের তিনজন সদস্য আহত হয়েছেন এবং একটি গাড়ি পুড়িয়ে দিয়েছে। আহত ওই তিন সদস্যকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Visited 9 times, 1 visit(s) today