জুলাই ষড়যন্ত্র-এর বর্ষপূর্তিতে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা

জুলাই ষড়যন্ত্র-এর বর্ষপূর্তিতে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ৭ জুলাই ২০২৫: ২০২৪-এর বছরের জুলাই মাসে সংঘটিত ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগ দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। দলটির দাবি, শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে দেশবিরোধী ও স্বাধীনতাবিরোধী একটি গোষ্ঠী দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের সংবিধান, মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করার অপচেষ্টা চালায়।

আওয়ামী লীগের ভাষ্য অনুযায়ী, এই অপশক্তি বিদেশি মদদে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের একটি অংশকে বিভ্রান্ত করতে সক্ষম হয়। এরই ধারাবাহিকতায় তারা জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করে এবং অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করে। দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তথাকথিত “ফ্যাসিস্ট ইউনূস” এর নেতৃত্বে গঠিত দখলদার সরকার দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটায় এবং নাগরিকদের ন্যূনতম অধিকার পর্যন্ত হরণ করে।

আওয়ামী লীগের দাবি, দেশে মব রাজত্ব প্রতিষ্ঠা করে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হয়, যেটিকে অনেকে ‘মবের মুল্লুক’ বলেও অভিহিত করেছেন। দলটির মতে, এই ষড়যন্ত্রের পরিণতিতে বহু মানুষ আজ অনুতপ্ত এবং তারা স্বীকার করেছেন যে তারা একটি প্রতারণার শিকার হয়েছিলেন।

এই বাস্তবতায় আওয়ামী লীগ দেশকে ধ্বংসের মুখ থেকে রক্ষা করতে এবং জাতিকে বিভক্তির হাত থেকে টেনে আনতে কয়েকটি গুরুত্বপূর্ণ দিবস পালনের ঘোষণা দিয়েছে। এসব দিবসের মধ্যে রয়েছে

১৬ জুলাই “জঙ্গি-সন্ত্রাস-ষড়যন্ত্র ও ফ্যাসিস্ট দিবস”,

৫ আগস্ট “গণতন্ত্র, ছাত্র-জনতা-পুলিশ হত্যা দিবস” এবং

৮ আগস্ট “সংবিধান লঙ্ঘন ও কালো দিবস”।

আওয়ামী লীগ মনে করে, এই কর্মসূচিগুলোর মধ্য দিয়ে গণতন্ত্র, মানবিকতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জনগণের ঐক্য গড়ে তোলা যাবে। দলটির বিবৃতিতে বলা হয়েছে, ত্রিশ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এখন প্রয়োজন সর্বস্তরের দেশপ্রেমিক জনগণের ঐক্যবদ্ধ প্রয়াস।

বিবৃতির শেষাংশে আওয়ামী লীগ আশাবাদ ব্যক্ত করে জানিয়েছে, ঐক্যবদ্ধভাবে এই দেশবিরোধী অপশক্তিকে প্রতিহত করা সম্ভব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু—বাংলাদেশ চিরজীবী হোক।

Visited 12 times, 1 visit(s) today