নিজস্ব প্রতিবেদক
যশোরের ঝিকরগাছায় নাশকতা মামলায় সাংবাদিক শাহ জামাল শিশিরকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ ৭ই জুলাই, সোমবার তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
শিশির ঝিকরগাছা উপজেলার মির্জাপুর গ্রামের আবু তালেবের ছেলে। তিনি দৈনিক কালবেলা ও সমাজের কথার ঝিকরগাছা প্রতিনিধি।
আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ১৭ই ডিসেম্বর উপজেলার নওয়াপাড়া গ্রামের সোলাইমান হোসেন ঝিকরগাছা থানায় একটি নাশকতা মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগের সেলিম রেজা, মোস্তফা আনোয়ার পাশা জামাল, মুসা মাহমুদ, ইমামুল হাবীব জগলুসহ ৩৭ জনকে আসামি করা হয়।
একই মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন সাংবাদিক শিশির।
অভিযোগে বলা হয়, আসামিরা অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে বিভিন্ন ষড়যন্ত্র ও পরিকল্পনা করছিলেন। এরই অংশ হিসেবে উপজেলা মোড়ের একটি স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ স্লোগান লিখে জনমনে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করেন।
