আবারও বাড়লো চাল ও সবজির দাম

আবারও বাড়লো চাল ও সবজির দাম
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

কোরবানির ঈদের পর প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেলেও চালের বাজারে স্থিতি আসেনি। বরং এই সময়ের মধ্যে মিনিকেট চালের কেজিপ্রতি দাম বেড়েছে ৫ থেকে ৬ টাকা। এরই প্রভাবে মাঝারি ও মোটা চালের দামও ২ টাকা পর্যন্ত বেড়েছে। পাশাপাশি সবজির দামেও দেখা যাচ্ছে ঊর্ধ্বগতি। এভাবে দাম বাড়ায় মানুষের খাদ্যভ্যাসেও পরিবর্তন আনতে হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও কারওয়ান বাজারসহ দেশের বিভিন্ন বাজার ঘুরে ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।

চাল ব্যবসায়ীরা জানিয়েছেন, চলতি মাসের শুরুতে উৎপাদন এলাকার বাজারে হঠাৎ করে বোরো ধানের দাম বেড়ে যাওয়ায় এর প্রভাব খুচরা বাজারেও পড়ে। অথচ সরকারি হিসেবে এবার বাম্পার বোরোর ফলন হয়েছে। দাম কমার কথা থাকলেও উল্টো বাড়া নিয়ে তাই প্রশ্ন দেখা দিয়েছে।

বর্তমানে বাজারে ডায়মন্ড, সাগর, রসিদ, মঞ্জুরসহ বিভিন্ন ব্র্যান্ডের মিনিকেট চাল ৮০-৮২ টাকায় বিক্রি হচ্ছে, যা ঈদের আগে ছিল ৭৫-৭৬ টাকা। অন্যদিকে মোজাম্মেল ব্র্যান্ডের চাল বিক্রি হচ্ছে ৮৫-৯০ টাকায়, যা আগে ছিল ৮০ টাকার আশপাশে।

চালের এই দাম বাড়ার প্রভাব পড়েছে সাধারণ ক্রেতাদের ওপর। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারে গৃহিণী নাদিয়া ইয়াসমিন বলেন, এক ধাক্কায় চালের দাম ৫-৬ টাকা বেড়ে যাওয়ায় সংসারের হিসাব-নিকাশ মিলাতে হিমশিম খেতে হচ্ছে। চালের দাম বাড়লে সাধারণত অন্যান্য জিনিসের দামও বাড়ে।

সিলেট কালিঘাট চালের আড়তে চাল কিনতে আসা মেজরটিলার বাসিন্দা আলাউর রহমান বলেন, চালের দাম আবারো বেড়েছে। কেজি প্রতি ৫-৬টাকা বেশি। দাম বাড়ার কারণে ক্রেতা হিসেবে সংসার চালাতে খরচে টান পড়ছে।

মিনিকেটের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে মোটা ও মাঝারি চালের দামও বেড়েছে। মোটা চাল ‘স্বর্ণা’ এখন বিক্রি হচ্ছে ৫৫-৫৭ টাকায় (আগে ছিল ৫৩-৫৫ টাকা)। মাঝারি মানের ব্রি-২৮ ও ব্রি-২৯ চাল বিক্রি হচ্ছে ৬০-৬২ টাকায় (আগে ৫৮-৬০ টাকা)।

টিসিবির হিসাবেও চালের দাম বাড়তির দিকেই। সংস্থাটির তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে সরু চালের দাম কেজি প্রতি বেড়েছে ৩ টাকা, আর মোটা ও মাঝারি চালের দাম বেড়েছে ১ টাকা।

চালের পাশাপাশি কিছু সবজির দামেও দেখা গেছে সামান্য বৃদ্ধি। গতকাল রাজধানীর বাজারগুলোতে প্রতি কেজি টমেটো বিক্রি হয়েছে ১২০-১৮০ টাকায়, বরবটি, কাঁকরোল ও কাঁচা মরিচ ৮০-১০০ টাকায়। এক সপ্তাহ আগেও এসব সবজির দাম ছিল কেজিতে ১০-২০ টাকা কম।

এদিকে সবজির মধ্যে পটল, ধুন্দল, চিচিঙ্গা ও ঢ্যাঁড়সের দামও বেড়েছে। কেজি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়। বেগুন বিক্রি হচ্ছে ৬০-১০০ টাকা কেজি দরে। আলুর দামও বাড়তির দিকে। বর্তমানে বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়। পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকায় কেজি দরে।

কমেনি মুরগির দামও। বড় ধরনের পরিবর্তন না থাকলেও এখনো তা সাধারণ মানুষের নাগালের বাইরে রয়ে গেছে মুরগির দাম। প্রতি কেজি সোনালি মুরগি বিক্রি হয়েছে ৩০০ টাকায়, আর ব্রয়লার মুরগি ১৫০-১৬০ টাকায়। পবিত্র আশুরাকে কেন্দ্র করে মুরগির দাম আরও বাড়বে বলে জানান বিক্রেতারা।

Visited 2 times, 1 visit(s) today