খিলক্ষেত দুর্গা মন্দিরে উগ্রবাদী তৌহিদি জনতার হামলা, মন্দির সরানোর আল্টিমেটাম

খিলক্ষেত দুর্গা মন্দিরে উগ্রবাদী তৌহিদি জনতার হামলা, মন্দির সরানোর আল্টিমেটাম
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর খিলক্ষেত সর্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দিরে হামলা চালিয়েছে তৌহিদী জনতার নামধারী উগ্রবাদীরা। হুমকি দিয়ে তারা বলেন- মঙ্গলবার বেলা ১২টা মধ্যে মন্দির সরিয়ে নিতে হবে। অন্যথায় তারা মন্দির ভেঙে ফেলবেন।

২৩শে জুন, সোমবার রাত ১১টার দিকে যুদ্ধাপরাধী সংগঠন জামায়াতে ইসলামী ও ইসলামি আন্দোলনের উগ্রবাদী কর্মীরা মুসল্লিদের নিয়ে একটি মিছিল করে। সেই সমাবেশ থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়।

সুমন সুধা নামে এক সনাতন ধর্মাবলম্বী বলেন, রাতে হঠাৎ একদল উগ্রবাদী মন্দিরে এসে অতর্কিত হামলা চালায়। এসময় তারা বলেছে আগামীকাল (মঙ্গলবার) বেলা ১২টার ভেতরে মন্দির ভেঙে ফেলবে। আরও অনেক হুমকি-ধমকি আর আল্টিমেটাম দিয়ে গেছে উগ্র মৌলবাদীরা।

বিষয়টি নিশ্চিত করেন খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) মো. আশিকুর রহমান।

তিনি বলেন, এমন একটি ঘটনা জানতে পেরেছি। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি ‘মীমাংসা’ করার চেষ্টা করছেন। বর্তমানে সনাতন ধর্মাবলম্বী নেতারা থানায় আছেন, আমরা তাদের সঙ্গে কথা বলছি। আগামীকাল (আজ ২৪শে জুন) অভিযুক্ত মুসল্লিদের নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।

মন্দির ভাঙার আল্টিমেটাম দেওয়ার বিষয়ে তিনি বলেন, সেখানে কিছু মুসল্লি এসে একটি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করেছে। এমন পরিস্থিতিতে অনেকেই অনেক কিছু বলে। তবে পুরো বিষয়টি আমরা দেখছি, যাতে করে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।

Visited 15 times, 1 visit(s) today