নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার ও টেকনাফের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে প্রচণ্ড নিরাপত্তাহীনতার মধ্যে পড়েছেন বিভিন্ন এনজিওতে কর্মরত বাংলাদেশী কর্মীরা।
ইউনিসেফ-এর সব স্কুল প্রোগ্রাম বন্ধ করে দেওয়ার পর থেকে রোহিঙ্গা সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এতে বাংলাদেশী এনজিও কর্মীদের ওপর হামলার হুমকি তৈরি করেছে।
কর্মরত কয়েকজন এনজিও কর্মী জানান, রোহিঙ্গারা তাদের লক্ষ্য করে স্কুল অপারেশনের সংশ্লিষ্ট কর্মীদের তালিকা তৈরি করে তাদের খুঁজছে, ফলে এই কর্মীরা ক্যাম্পে যাওয়া থেকে বিরত রয়েছেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, কক্সবাজার ও উখিয়ায় এনজিও কর্মীরা জীবনের নিরাপত্তার আশঙ্কায় সরে পড়েছেন। কর্তৃপক্ষ তাদের ক্যাম্পে প্রবেশে নিষেধ জারি করেছে।
জানা গেছে, বর্তমানে ক্যাম্পে শুধুমাত্র খাদ্য ও চিকিৎসা সেবাদাতাদের প্রবেশের অনুমতি রয়েছে। এতে এনজিও কর্মীদের কাজে বিঘ্ন ঘটছে। রোহিঙ্গাদের এই আক্রোশের পেছনে ইউনিসেফের স্কুল প্রোগ্রাম বন্ধের সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হচ্ছে, যা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হওয়ায় তাদের মধ্যে হতাশা সৃষ্টি করেছে।
ক্যাম্পে নিরাপত্তা পরিস্থিতি এখন এতটাই জটিল যে, এনজিও কর্মীরা নিজেদের জীবনের নিরাপত্তা নিশ্চিত না করে কাজে ফিরতে সম্মত হচ্ছেন না।
এই পরিস্থিতিতে শিক্ষা, স্বাস্থ্য ও খাদ্য সহায়তার কাজে বাধা সৃষ্টি হচ্ছে, যা রোহিঙ্গাদের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলতে পারে।
কর্তৃপক্ষ এখন নিরাপত্তা বাড়ানোর জন্য পদক্ষেপ নিচ্ছে, তবে এনজিও কর্মীদের ক্যাম্পে ফিরে আসার জন্য কোনো নির্দিষ্ট সমাধান এখনো দেখা যায়নি।
