নিজস্ব প্রতিবেদক
নওগাঁ শহরের খাগড়া মধ্য দুর্গাপুর এলাকার সন্ন্যাস মন্দিরের জমি দখলের চেষ্টা ও মন্দির কমিটির সভাপতিকে মারধরের প্রতিবাদে বিএনপির নেতাদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকাল সাড়ে ১১টার দিকে দুর্গাপুর বাজারে সন্ন্যাস মন্দিরের সামনে এলাকাবাসী ও মন্দির কমিটির উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মন্দির কমিটির সভাপতি অতুল চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক সুজন কুমার তালুকদার, উজ্জ্বল কুমার সাহা, নিয়তি রানী মণ্ডলসহ আরও অনেকে।
বক্তারা জানান, গত ১৫ই জুন (বুধবার) নওগাঁ কাঁচাবাজারের কথিত সভাপতি ও আলোচিত ভূমিদস্যু- বিএনপি নেতা মকসেদ আলী তার সন্ত্রাসী বাহিনী নিয়ে খাগড়া সন্ন্যাস মন্দিরে গিয়ে জায়গাটি নিজের দাবি করে জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। এ সময় মন্দির কমিটির সদস্য ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।
পরদিন, ১৬ই জুন (সোমবার) মন্দির কমিটির সভাপতি অতুল চন্দ্র সরকার নওগাঁ পৌর কাঁচাবাজারে গেলে মকসেদ তার সঙ্গীদের নিয়ে অতর্কিতে অতুল চন্দ্রের ওপর হামলা চালায়। এসময় মারধরের পাশাপাশি তার ব্যবসার জন্য সঙ্গে রাখা প্রায় ২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, মকসেদ আলী এক সময়ের চিহ্নিত ডাকাত এবং পরবর্তীতে ডাকাতি ছেড়ে নওগাঁ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হন। বর্তমানে তিনি পৌর বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত।
