নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ২৭ মে ২০২৫: আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে নিয়োগের বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনী নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। মঙ্গলবার সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের কোনো কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার পরিকল্পনা তাদের নেই।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সেনাবাহিনী এ বিষয়ে পূর্ব থেকে অবগত নয় এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই। বাংলাদেশ সেনাবাহিনী মনে করে, এ ধরনের কাজের জন্য সংশ্লিষ্ট ও উপযুক্ত সংস্থাগুলোর দায়িত্ব দেওয়াই যৌক্তিক। বর্তমানে সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এই বিবৃতির মাধ্যমে সেনাবাহিনী স্পষ্ট করেছে যে, বর্জ্য ব্যবস্থাপনা ও মশা নিয়ন্ত্রণের মতো কার্যক্রম তাদের দায়িত্বের আওতাভুক্ত নয়।
