হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১

হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১
শেয়ার করুন

চট্টগ্রাম প্রতিনিধি

 

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে নিয়মিত সামরিক মহড়ার সময় একটি অনাকাঙ্ক্ষিত ও হৃদয়বিদারক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুইজন সৈনিক প্রাণ হারিয়েছেন এবং একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বুধবার এই মর্মান্তিক তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

​বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে হাটহাজারীর ফায়ারিং রেঞ্জে ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণের অনুশীলনের সময় আকস্মিকভাবে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই সৈনিকের মৃত্যু হয়। দুর্ঘটনায় আশঙ্কাজনকভাবে আহত ওই সেনা কর্মকর্তাকে দ্রুত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তরিত করা হয়েছে।

কোনো রণাঙ্গন বা শত্রুপক্ষের হামলা নয়—নিজেদের নিরাপদ ফায়ারিং রেঞ্জেই এমন প্রাণঘাতী দুর্ঘটনা দেশের সামরিক বিশ্লেষক ও সাধারণ মানুষের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ট্যাঙ্কটির কোনো যান্ত্রিক বা কারিগরি গুরুতর ত্রুটি ছিল কি না, কিংবা এতে ব্যবহৃত গোলাবারুদের মান ও উৎস কী ছিল—তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে, ব্যবহৃত গোলাবারুদ কোনো নির্দিষ্ট দেশ থেকে আমদানি করা হয়েছিল কি-না এবং পাকিস্তান থেকে আমদানি করা কোনো গোলাবারুদ কি এই অনুশীলনে ব্যবহৃত হয়েছিল কি-না? সেই বিষয়টিও সামনে আসছে।

​পাশাপাশি, মহড়াকালীন নিরাপত্তা প্রটোকল বা অপারেশনাল ব্যবস্থাপনায় কোনো শিথিলতা ছিল কি না, তা-ও খতিয়ে দেখার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।

​আইএসপিআর জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ ও কারিগরি ত্রুটি অনুসন্ধানে ইতিমধ্যে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে।

Visited 8 times, 1 visit(s) today