নিজস্ব প্রতিবেদক | ১৯শে মে, ২০২৫
চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
নুসরাতের গ্রেপ্তারকাণ্ডে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এ ঘটনাকে বিব্রতকর বলে দাবি করেছেন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
এবার মুখ খুললেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহও। তিনি এ ঘটনাকে “হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন” আখ্যা দিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে থেকে পোস্ট করেছেন।
ফেসবুকে তিনি লিখেছেন, “সরাসরি হত্যাকাণ্ডে জড়িত খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, শিরীন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়। দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি।”

যেকোন ইস্যুতে অনুগত ছাত্রদের রাজু ভাস্কর্যে জমায়েত এবং বুলডোজার চালিয়ে স্থাপনা ধ্বংসে ‘খ্যাতি’ পাওয়া হাসনাত অন্তর্বর্তী সরকারের উদ্দেশে প্রশ্ন করেন- ইন্টেরিম, ৬২৬ জনের লিস্ট কোথায়? ৬২৬ জনকে নিরাপদে বের করে দিয়ে এখন নুসরাত ফারিয়াকে হত্যা মামলায় গ্রেপ্তার করে বোঝাতে চাচ্ছেন আপনারা খুব বিচার করছেন?
এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন, বলেন হাসনাত।
