নিজস্ব প্রতিবেদক
গ্রেপ্তার হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।
আজ ১৮ই মে, রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নুসরাত ফারিয়াকে আটকের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম জানান, তার বিরুদ্ধে বৈছা আন্দোলনের সময়কার মামলা রয়েছে ভাটারা থানায়। যেহেতু মামলা রয়েছে সেজন্য ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দিয়েছে। এরপর ভাটারা থানা তাকে হস্তান্তর করা হয়।
ফারিয়া আটক নাকি গ্রেপ্তার দেখানো হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, মামলা যেহেতু আছে, তবে সেই মামলায় তার সংশ্লিষ্টতা কতটুকু আছে সেটি পর্যালোচনা করার পর গ্রেপ্তারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত আটক।
যদিও ভাটারা থানা পুলিশ তাকে জুলাইয়ের সরকারবিরোধী আন্দোলনের সময়কার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে বলে জানানো হয়েছে গণমাধ্যমকে।
এর আগে গত ২৯শে এপ্রিল তার বিরুদ্ধে মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহুরুল ইসলাম।
জানা যায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটার থানাধীন এলাকায় হওয়া এক হত্যাচেষ্টা মামলায় আসামি করা হয়েছে অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা ও অভিনেতা জায়েদ খানসহ ১৭ জনকে।

মামলা সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা তিন-চারশ’ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক।
এনামুলের দাবি, আন্দোলন করার সময় আসামিদের ছোড়া গুলি তার ডান পায়ে লাগলে তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান।
মামলায় বৈছা আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয় ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী নায়িকা নুসরাত ফারিয়াকে।
এজাহারে দাবি করা হয়েছে আসামিরা বৈছা আন্দোলন দমনের জন্য অর্থ যোগান দিয়েছেন। যদিও আন্দোলন চলাকালে এবং পরবর্তী সময় নুসরাত ফারিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মকাণ্ডে বোঝা যায় তিনি আন্দোলনের সপক্ষেই ছিলেন।
