নিজস্ব প্রতিবেদক | ২রা মে, ২০২৫
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের মধ্য মাকহাটি গ্রামে ২৭ বছর আগের ভাই হত্যার প্রতিশোধ নিতে ছানা মাঝি (৪৪) নামে এক যুবককে কৌশলে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
হত্যাকাণ্ডটি ঘটেছে গত বৃহস্পতিবার।
নিহতের স্ত্রী ফাতেমা বেগম জানান, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে স্বাধীন নামের এক যুবক তার স্বামীকে ডেকে নিয়ে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। রাত ১১টার দিকে পরিবারের কাছে খবর আসে, ছানা মাঝিকে হত্যা করে তার দেহের পাশে একটি পিস্তল রেখে দেওয়া হয়েছে।
নিহতের স্বজনরা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মধ্য মাকহাটির তালগাছতলা সড়কে ছানা মাঝির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পাটক্ষেতে পিটিয়ে হত্যার পর তার দেহের পাশে একটি একনালা শটগান ও ২ রাউন্ড গুলি পাওয়া যায়।”
জানা গেছে, ১৯৯৮ সালে বাবু মাঝির ভাই শিপন মাঝি হত্যাকাণ্ডে ছানা মাঝি ও তার ভাইয়েরা অভিযুক্ত ছিলেন। দীর্ঘদিন কারাবন্দি থাকার পর তারা মামলা থেকে খালাস পান। পুলিশের ধারণা, সেই ঘটনার প্রতিশোধ নিতেই বাবু মাঝি পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
ওসি আরও জানান, হত্যার পর ঘটনাটিকে ডাকাতির নাটক সাজাতে বাবু মাঝিদের বাড়িতে মাইকিং করে বলা হয় ‘ডাকাত পড়েছে’, যাতে হত্যাকে গণপিটুনির ঘটনা হিসেবে চালানো যায়।
এই ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছেন ওসি সাইফুল ইসলাম। তবে তদন্ত অব্যাহত রয়েছে এবং দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নিহত ছানা মাঝি তিন সন্তানের জনক ছিলেন। তার স্ত্রী ফাতেমা বেগম স্বামীর নির্মম হত্যার বিচার দাবি করেছেন। হত্যার বিচার চাওয়ায় এখন তাকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
