নিজস্ব প্রতিবেদক | ২রা মে, ২০২৫
সরকারের সমালোচনামূলক সংবাদ, প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে শক্ত প্রশ্ন এবং ভিন্ন মত পোষণকারীদের ফোন করে হুমকি দিচ্ছিন প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। এমনকি সংশ্লিষ্ট ব্যক্তির অফিসে ফোন করে ব্যবস্থা নেয়ার সরাসরি নির্দেশনা দেন তিনি। ফলে গণমাধ্যম কর্মীদের সামনে এখন মূর্তিমান আতঙ্কের নাম প্রেস সচিব।
সম্প্রতি সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে সংবাদ সম্মেলনে প্রশ্ন করার দায়ে তিন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়। এ ঘটনায় মূখ্য ভূমিকায় ছিলেন শফিকুল আলম।
সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমগুলোর নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করে জানিয়েছে, দুটি গণমাধ্যমে প্রেস সচিবের নির্দেশনায় দুজনকে চাকরিচ্যুত করা হয়েছে। আরেকটি গণমাধ্যম প্রেস সচিবের রোষানল থেকে বাঁচতে নিজেরাই তাকে অবহিত করে তাদের সাংবাদিকের চাকরিচ্যুত করে।
শুধু এ তিন সাংবাদিকের চাকরিচ্যুতির ঘটনা নয়, গত বছরের জুলাই-আগস্টের দাঙ্গার পর প্রায় প্রতিটি সংবাদ মাধ্যমের মাঠ পর্যায়ের সাংবাদিকদের চাকরিচ্যুতির ঘটনা ঘটেছে৷ আর এসব ঘটনায় প্রধান ভূমিকা রেখেছে প্রেস সচিবের নেতৃত্বাধীন প্রেস উইংয়ের কর্মকর্তারা।
গত ৫ই আগস্টের পর শেখ হাসিনার সাবেক বিনিয়োগ ও শিল্প উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠান ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অন্তত তিন সাংবাদিকের চাকরিচ্যুতির ঘটনা ঘটে।
নাম প্রকাশ না করার শর্তে একজন জ্যেষ্ঠ প্রতিবেদক বিডি ডাইজেস্ট-কে বলেন, আওয়মী লীগ সরকারের বিদায়ের পর আমাদের তিন রিপোর্টারকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এর মধ্যে অফিসের বিএনপিপন্থী সাংবাদিকরা এক সংখ্যালঘু সম্প্রদায়ের সাংবাদিককে চাকরি ছাড়তে বাধ্য করেন। আর দুজনকে প্রেস উইংয়ের ‘প্রেসক্রিপশনে’ চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
দেশ টিভির এক চাকরিচ্যুত সাংবাদিক নিজের অভিজ্ঞতা তুলে ধরে বিডি ডাইজেস্ট-কে বলেন, ৫ই আগস্টের পর কিছুদিন অফিস করেছি। এরপর প্রেস সচিব শফিকুলের অবস্থান শক্তিশালী হওয়ার পর আমাকে দেশ টিভি থেকে অব্যাহতি দিতে অফিস কর্তৃপক্ষকে তিনি বাধ্য করেন।
মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও স্বাধীনতার স্বপক্ষের সাংবাদিকদের শুধু চাকরিচ্যুতির ঘটনা নয়, বরং যারা প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে কোন শক্ত প্রশ্ন করেন বা কোন অসঙ্গতির বিষয়ে জানতে চান তাদেরকেও হুমকি দেয়া হচ্ছে৷
গত এপ্রিলের প্রথম সপ্তাহে এমন অভিজ্ঞতার মুখোমুখি হওয়া একজন প্রথিতযশা সাংবাদিক অভিযোগ করে বলেন, বিনিয়োগ সম্মেলনে অংশ নেয়া বিনিয়োগকারীদের মধ্যে অন্তত দুজন বিদেশিকে আমি চিনি, যারা আসলেই কোনো বিনিয়োগকারী নন। এ বিষয়ে প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে আমি প্রশ্ন করি। পরে শফিক ভাই আমাকে ফোন করে এ ধরণের প্রশ্ন করা থেকে বিরত থাকতে বলেন এবং আমাকে ‘মুর্খ’ বলে গালিগালাজ করেন।
