মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে দিনেদুপুরে সাংবাদিককে কুপিয়ে জখম

মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে দিনেদুপুরে সাংবাদিককে কুপিয়ে জখম
শেয়ার করুন

❐ স্থানীয় সংবাদদাতা


চট্টগ্রামের ফটিকছড়িতে মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার জেরে ‘ফটিকছড়ি সংলাপ’ নামের একটি ফেসবুক পেজের অ্যাডমিন মো. বেলাল উদ্দিনকে প্রকাশ্যে ছুরিকাঘাত করার গুরুতর অভিযোগ উঠেছে।

গতকাল ১৩ই নভেম্বর, শুক্রবার বিকেলে উপজেলা সদরের ব্যস্ততম বিবিরহাট বাজারে এ হামলার ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে ওই যুবক নিজের ফেসবুক পেজে লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন এবং বাঁচার আকুতি জানান।

আহত বেলাল উদ্দিন বর্তমানে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল আলম জানান, বেলালের পেটে আঘাত রয়েছে এবং তার চিকিৎসা চলছে। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হতে পারে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, গত শুক্রবার জুমার নামাজের পর বিকেলে বেলাল উদ্দিন ব্যক্তিগত কাজে বিবিরহাট বাজারে যান। এ সময় হেঁটে স্থানীয় মাংস ব্যবসায়ী শামসুল আলম ওরফে কসাই শমসুর দোকানের সামনে পৌঁছালে তাকে অতর্কিত ছুরি দিয়ে আঘাত করা হয়। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কিছুদিন আগে মাদক কারবারের অভিযোগে শামসুল আলম পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। পরবর্তী সময়ে জামিনে মুক্ত হয়ে তিনি সন্দেহ করেন যে, তার গ্রেপ্তারের পেছনে ফেসবুক পেজ অ্যাডমিন বেলালের হাত রয়েছে। এই ক্ষোভ থেকেই তিনি হামলার পরিকল্পনা করেন বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

ছুরিকাঘাতের পর হাসপাতালে নেওয়ার সময় রক্তাক্ত অবস্থায় নিজের ফেসবুক পেজ ‘ফটিকছড়ি সংলাপ’-এ সরাসরি সম্প্রচারে (লাইভ) আসেন বেলাল।

কান্নাজড়িত কণ্ঠে তাকে বলতে শোনা যায়, মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় কসাই শমসু ও তার সহযোগীরা তাকে এ অবস্থা করেছেন। লাইভে তিনি বারবার দেশবাসীর কাছে জীবন রক্ষার আকুতি জানান, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে বেলালের ওপর এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

অভিযুক্ত শামসুল আলম ওরফে কসাই শমসু উত্তর রাঙ্গামাটিয়া এলাকার বাসিন্দা এবং বিবিরহাট বাজারে মাংসের ব্যবসা করেন। এ ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Visited 6 times, 2 visit(s) today