পাচারের সময় ৬০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রলার জব্দ: পাচারের নতুন রুট সেন্ট মার্টিন?

পাচারের সময় ৬০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রলার জব্দ: পাচারের নতুন রুট সেন্ট মার্টিন?
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২রা মে, ২০২৫

বাংলাদেশে যখন সারের সংকট তীব্রতর হচ্ছে, তখনই মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড।

২রা মে, বৃহস্পতিবার গভীর রাতে কক্সবাজারের টেকনাফ উপকূলসংলগ্ন গভীর সাগরে এ অভিযান চালানো হয়। শুক্রবার দুপুরে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশিদ।

কোস্টগার্ড জানায়, সাগরে ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা চলমান থাকায় কোনো ফিশিং ট্রলারের অবস্থান বেআইনি। এই নিষেধাজ্ঞার মধ্যেই একটি মাছ ধরার ট্রলার গভীর সাগরে দেখা যায়। ট্রলার থামানোর নির্দেশ উপেক্ষা করে পালানোর চেষ্টা করে, পরে ধাওয়া করে আটক করা হয়।

ট্রলারে থাকা ১০ জন পাচারকারী কক্সবাজার, চট্টগ্রাম ও নোয়াখালী জেলার বাসিন্দা। তারা মিয়ানমারের রাখাইন রাজ্যে ইউরিয়া সার পাচারের উদ্দেশ্যে ট্রলারটি ব্যবহার করছিল বলে জানানো হয়।

আটককৃত সার টেকনাফ কাস্টমস কার্যালয়ে জমা রাখা হয়েছে। পাচারকারীদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা হয়েছে।

বকেয়া পরিশোধ করতে না পারায় কাতার আর সার দেবে না বাংলাদেশকে

দেশে সার উৎপাদন বিপর্যস্ত হওয়ার পাশাপাশি, বৈদেশিক উৎস থেকেও সার পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। ডলার সংকটের কারণে ইউনূস সরকার সময়মতো বকেয়া পরিশোধে ব্যর্থ হচ্ছে। ফলে কাতারের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কাতার এনার্জি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশকে আর ইউরিয়া সরবরাহ করবে না বলে জানিয়ে দিয়েছে।

শুধু কাতার নয়, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কোম্পানিগুলোর কাছেও বাংলাদেশ এখন অনির্ভরযোগ্য ক্রেতা হিসেবে চিহ্নিত হচ্ছে। দেরিতে পেমেন্ট পরিশোধের কারণে অতিরিক্ত সুদ আরোপের হুমকিও দিয়েছে কয়েকটি কোম্পানি।

শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে জি-টু-জি ভিত্তিতে যেসব কোম্পানির সঙ্গে ইউরিয়া সরবরাহ চুক্তি রয়েছে, তার ভবিষ্যৎও অনিশ্চিত।

বিশেষজ্ঞরা বলছেন, বোরো মৌসুমে ১২-১৩ লাখ টন ইউরিয়ার প্রয়োজন, যা যথাসময়ে না পেলে ফসল উৎপাদন ব্যাহত হয়ে খাদ্য সংকট তৈরি হতে পারে। এতে খাদ্য আমদানিনির্ভরতা ও মূল্যস্ফীতিও বাড়বে।

গ্যাস সংকটে বন্ধ আশুগঞ্জ কারখানা

দেশের অন্যতম প্রধান ইউরিয়া সার উৎপাদন কেন্দ্র আশুগঞ্জ সার কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ গত ১ মার্চ থেকে। গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় মাত্র ৩৮ দিনের মাথায় উৎপাদন বন্ধ করতে হয়েছে কারখানাটিকে।

কারখানার মহাব্যবস্থাপক (অপারেশন) এ বি মাহমুদ বলেন, “গ্যাস ছাড়া সার উৎপাদন সম্ভব নয়। এখন কবে গ্যাস আসবে, সেটাও নিশ্চিত নয়।” এর আগে গত বছরের নভেম্বরেও দীর্ঘ আন্দোলনের পর গ্যাস সরবরাহ শুরু হয়েছিল।

এই কারখানার দৈনিক উৎপাদন সক্ষমতা ছিল ১ হাজার ১৫০ টন ইউরিয়া, কিন্তু গ্যাসের চাপ কম থাকায় পুরো উৎপাদন সম্ভব হচ্ছিল না। এখন সরবরাহ পুরোপুরি বন্ধ। গ্যাস বিতরণকারী বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি বলছে, “সরকারি সিদ্ধান্তে সরবরাহ বন্ধ করা হয়েছে।”

দেশের কৃষিখাতের জন্য অশনি সংকেত

মিয়ানমারে সার পাচারের পর প্রশ্ন উঠেছে— দেশে যখন কৃষকরা পর্যাপ্ত সার পাচ্ছেন না, সার কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, যখন বিদেশ থেকেও সার আমদানি অর্থাভাবে বাধাগ্রস্ত, ঠিক তখন সীমান্ত পেরিয়ে কীভাবে সেই সার পাচার হয়ে যাচ্ছে? দেশের আইনশৃঙ্খলা ও প্রশাসনিক নজরদারির ব্যর্থতাকে এজন্য দায়ী করছে সচেতন মহল।

খাদ্যে টানা মূল্যস্ফীতির কারণে বিশ্বব্যাংকের লাল তালিকায় রয়েছে যখন বাংলাদেশ, ঠিক সেসময় খাদ্যশস্য উৎপাদনের অপরিহার্য উপরকণ সারের পাচার ভবিষ্যৎ বাংলাদেশকে আরও ঝুঁকির দিকে নিয়ে যাচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা।

Visited 72 times, 1 visit(s) today