নিজস্ব প্রতিবেদক
রাজধানীর তেজগাঁওয়ের মহাখালী-সাতরাস্তা সড়কে মঙ্গলবার (২২ এপ্রিল ২০২৫) দুপুর পৌনে ৩টা থেকে কোহিনূর ক্যামিকেল কোম্পানির শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। তারা তিব্বতের প্রধান সড়ক থেকে শুরু করে মহাখালী হয়ে সাতরাস্তা পর্যন্ত সড়ক অবরোধ করেন। বিক্ষোভকারীরা সড়কের ডিভাইডার ভাঙচুর এবং ট্রাফিক বিভাগের ব্যারিকেড ব্যবহার করে আশপাশের সব রাস্তা বন্ধ করে দেন।
শ্রমিকদের অভিযোগ, কোহিনূর ক্যামিকেলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক ও আপত্তিকর মন্তব্য করেছেন। তারা এই কর্মকর্তার ফাঁসির দাবিতে বিক্ষোভ করছেন এবং ঘোষণা দিয়েছেন, অভিযুক্তের ফাঁসি না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।
পুলিশ ও কোহিনূর ক্যামিকেল সূত্রে জানা গেছে, অভিযুক্ত কর্মকর্তাকে ইতোমধ্যে চাকরিচ্যুত করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. শামীমুর রহমান জানান, “গতকাল কোহিনূর ক্যামিকেলের এক কর্মকর্তার বিরুদ্ধে রাসূলুল্লাহ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। অভিযুক্তকে চাকরিচ্যুত করা হলেও তারা ফাঁসির দাবিতে সড়ক ছাড়ছেন না।”
ওসি আরও বলেন, “বিক্ষোভকারীদের সঙ্গে আমরা, আমাদের ডিসি স্যার এবং প্রতিষ্ঠানের জিএম কথা বলেছি। কিন্তু তারা এখনই ফাঁসির দাবিতে অনড়। মনে হচ্ছে, তৃতীয় কোনো পক্ষ এই বিক্ষোভে উসকানি দিচ্ছে, যার কারণে তারা আইন মানতে চাইছেন না।”
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল সংখ্যক পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বিকাল পৌনে ৫টা পর্যন্ত শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে।
Visited 142 times, 1 visit(s) today
