ধর্ষণ-নিপীড়নবিরোধীদের যমুনাগামী গণপদযাত্রা পুলিশের লাঠিপেটায় ছত্রভঙ্গ

ধর্ষণ-নিপীড়নবিরোধীদের যমুনাগামী গণপদযাত্রা পুলিশের লাঠিপেটায় ছত্রভঙ্গ
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক

দেশজুড়ে নারীদের ওপর চলমান নিপীড়ন-সহিংসতা বন্ধে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে ধর্ষণের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে একটি গণপদযাত্রায় লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

আজ ১১ই মার্চ, মঙ্গলবার “ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ” শীর্ষক ব্যানারে পদযাত্রাটি বেলা ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শাহবাগ মোড় হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল-এর সামনে পৌঁছায়। সেখান থেকে যমুনার দিকে যেতে ডানে মোড় নিতেই ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকে দেয় পুলিশ।

একপর্যায়ে বিক্ষোভকারীরা ব্যারিকেড ঠেলে এগিয়ে যেতে ধাক্কাধাক্কি শুরু করলে পুলিশ কয়েকদফা লাঠিপেটা করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।

পরে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু বিক্ষুব্ধ ছাত্র-জনতাকে কোনোভাবেই শান্ত করা যাচ্ছে না। তারা সেখানে স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন।

সর্বশেষ জানা যায়, ব্যারিকেডের পাশে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন এবং জলকামান প্রস্তুত রাখা হয়েছে।

গণপদযাত্রায় অংশগ্রহণকারী স্নিগ্ধা চৌধুরী বলেন, “আমরা কোনো সহিংসতা করছিলাম না। সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছিলাম। পুলিশ আগে থেকেই জানত আমাদের পদযাত্রার কথা। অথচ এখানে আসার পর পুলিশ বিনা উস্কানিতে আমাদের ওপর হামলা করেছে, লাঠিপেটা করেছে। আমাদের অনেকেই আহত হয়েছেন।”

তিনি আরও বলেন, পুলিশ হাতে চুড়ি পরে বসে রয়েছে। ধর্ষক-নিপীড়কদের ধরে না, তাদের কাছ থেকে অপরাধীদের নিয়ে যায়, ফুলের মালা দেয়, ভিক্টিমের নিরাপত্তা দেয় না, ভিক্টিমকে প্রাণনাশের হুমকি দেয়। ড. ইউনূস নির্বিকার। চোর-ডাকাতে ভরে গেছে দেশ। অথচ প্রতিবাদকারীদের ওপর লাঠিচার্জ করেছে। ছিঃ পুলিশ, ছিঃ। ছিঃ ইউনূস, ছিঃ।”

Visited 96 times, 1 visit(s) today