নিজস্ব প্রতিবেদক
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এখন তো শেখ হাসিনা দেশে নাই। ছাত্রলীগ-যুবলীগ নেই, তাহলে কারা দেশে এই হিংস্রতার সঙ্গে জড়িত। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে এসব জানতে চাই।
১০ই মার্চ, সোমবার সকালে দেশব্যাপী খুন ও ধর্ষণ বৃদ্ধির প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশে অরাজকতা, হিংস্রতা কেন? কেন কোথাও নারীদের নিরাপত্তা নেই?
দেশে ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, কোথাও নারীদের নিরাপত্তা নেই। প্রশাসন ঠিক থাকলে দেশে এমন বিশৃঙ্খলা হতো না। আইনের প্রয়োগ সঠিকভাবে হচ্ছেনা বলেই এমন ঘটনা বাড়ছেই।
অন্তরবর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, দ্রুততম সময়ে ধর্ষণকারীদের বিচার করতে হবে। যাতে অন্য অপরাধীরা এমন দুঃসাহস দেখাতে না পারে।
রিজভী বৈছা আন্দোলন সম্পর্কে বলেন, দেশের বিভিন্ন জেলায় ডিসি-এসপিদের কক্ষে গিয়ে তাদের কাজ তদারকি করছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। অথচ তাদের থাকার কথা ক্লাস ও লাইব্রেরিতে। এমন তো হওয়ার কথা ছিলনা।
মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বলেন, সাম্প্রতিক সময়ে বিচারহীনতার সংস্কৃতির কারণে নারী ও শিশু ধর্ষণের হার দিন দিন বাড়ছে। মাগুরার ৮ বছরের শিশুর ধর্ষণকদের জনসম্মুখে বিচার করতে হবে।
মহিলা দলের এই নেত্রী বলেন, ১৮০ দিনে নয়, এক সপ্তাহের মধ্যেই ধর্ষণ মামলার আসামিদের বিচার নিশ্চিত করতে হবে।
জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহিনুর নার্গিসের পরিচালনায় আরো বক্তব্য রাখেন মহিলা দলের সহ-সভাপতি নেওয়াজ হালিমা হর্নি, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাম্মি আক্তার, ঢাকা মহানগর দক্ষিণের সভানেত্রী রুমা আক্তার, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব অ্যাডভোকেট রুনা লায়লা প্রমুখ।
